তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অষ্টম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ আহ্বান জানান। ‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন। বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ কুমার রায়, অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস কে সিনহা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রযুক্তিভিত্তিক সুযোগ-সুবিধা অত্যাধুনিক ও সময়ের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। শুধু ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলেই হবে না, তা হওয়া উচিত উচ্চগতিসম্পন্ন।
প্রধান বিচারপতি বলেন, মানবসভ্যতার বিকাশে দর্শনের দান অপরিসীম। মানব অভিজ্ঞতার এমন কোনো দিক নেই, যা দর্শন রাজ্যের বাইরে বা যার দিকে দার্শনিক অনুসন্ধান প্রসারিত হয় না। দর্শনের জ্ঞান থাকলে মানুষ সহজাত প্রবৃত্তি থেকে আইন মানে ও আইন মান্যকারী হয়। দর্শন ও আইনের মধ্যে সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। একটি অপরটির সম্পূরক ও পরিপূরক। একটিকে বাদ দিয়ে অপরটি কল্পনা করা যায় না। কেননা আইনের ভিত্তি অনেকাংশে দর্শনের ভিত্তির ওপর নির্ভরশীল।
অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক এম আনিসুর রহমান, অধ্যাপক এ কে এম আবু বকর সিদ্দিক, অধ্যাপক এ কে এম শামসুদ্দিন, অধ্যাপক হাসনা বেগম ও অধ্যাপক আজিজা আক্তার খাতুনকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।