তথ্যপ্রযুক্তির সুবিধা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি কখনো থেমে থাকার জন্য আসে না। সব সময় এর রূপান্তর ঘটছে। প্রযুক্তির এ অগ্রগতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।’ পল্লি অঞ্চলসহ সাধারণ মানুষ যাতে সহজে প্রযুক্তি সুবিধা লাভ করতে পারে, এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে সব ধরনের সরকারি সেবার সুফল পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাঁচ বছর আগে ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল লক্ষ্য নিয়ে টাস্কফোর্স গঠিত হয়। এ লক্ষ্যে সরকার অনেক দূর এগিয়েছে।
প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির ব্যবহারে দেশের ব্যাপক অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি দুর্নীতি অনেক কমিয়েছে এবং জনগণের জীবনযাত্রা সহজ করতে ব্যয় ও সময়ের সাশ্রয় করেছে।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স গঠনের সময় অনেকে তাঁকে নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু তিনি সিদ্ধান্তে¯দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন।
প্রধানমন্ত্রী এ কথাও উল্লেখ করেন যে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে জনগণের কাছে তা সহজলভ্য করতে ১৯৯৬ সালে তাঁর সরকার প্রথম কম্পিউটারের ওপর থেকে শুল্ক তুলে নেয়। অথচ নব্বই দশকের প্রথম দিকে ক্ষমতাসীনেরা বিনা খরচে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ পেয়েও তা না করার কারণে দেশে আইটিসি সার্ভিস স্থাপনের কাজ পিছিয়ে যায়।
বৈঠকে টাস্কফোর্সের প্রথম সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের জন্য নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি আলোচনা হয়। এতে বলা হয়, বিগত বৈঠকের ১৬টি সিদ্ধান্তের মধ্যে সাতটি বাস্তবায়িত ও আটটি বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে একটি সিদ্ধান্ত উদ্যোগ নেওয়ার পরও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।