তথ্যপ্রযুক্তি-নির্ভর উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি ব্যবস্থাপনা অনলাইনের আওতায় আনা গেলে দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে গণমুখী জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে তথ্যপ্রযুক্তি-নির্ভর উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের ইনোভেশন সার্কেল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন। বিকেলে শুরু হওয়া এই সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এই সম্মেলনের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব (সংস্কার অনুবিভাগ) মো. মহিউদ্দীন খান।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইনোভেশন সার্কেলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক দীপক চক্রবর্তী। তিনি বলেন, উদ্ভাবনী সেবা মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া এ সম্মেলনের মূল লক্ষ্য।
সভায় চট্টগ্রাম বিভাগের ভূমি কার্যালয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রকল্পের অতিরিক্ত পরিচালক মানিক মাহমুদ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনলাইন হাজিরা নিয়ে তথ্য উপস্থাপন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত নিয়ে পর্যটন পরিকল্পনা তুলে ধরেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।
ভূমি ব্যবস্থাপনা, নামজারি নিয়ে আলোচনা করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান, রাঙামাটির মো. সামসুল আরেফিন, খাগড়াছড়ির মো. ওয়াহিদুজ্জামান এবং নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।