নারীরা পুরুষের মতো সমানভাবে, সহজে ও সফলভাবে তথ্য অধিকার আইনের চর্চা করতে পারেন না। নারীর তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে মূল বাধাগুলো হচ্ছে নিরক্ষরতা, কোথায় কীভাবে তথ্য চাইতে হবে তা না জানা, সামাজিক প্রতিবন্ধকতা, সময়ের অভাব, যাতায়াতের অসুবিধা ইত্যাদি।
বাংলাদেশ তথ্য কমিশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা দ্য কার্টার সেন্টার ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সম্পন্ন হওয়া ‘ওমেন অ্যান্ড দ্য রাইট অব অ্যাকসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই গবেষণাকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দ্য কার্টার সেন্টারের গ্লোবাল অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের পরিচালক লরা নিউমেন। তিনি বলেন, এই গবেষণার অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশে নারীর তথ্য অধিকার চর্চার সক্ষমতার বিষয়টি নিরূপণ করা। পাশাপাশি নারীর তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় কী ধরনের তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।
গবেষণা প্রতিবেদন অনুসারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়েছে শিক্ষা, ভূমি ও সম্পত্তি এবং চাকরি বা কাজের অধিকারবিষয়ক তথ্য। এর বাইরে প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, বিভিন্ন সরকারি সেবা, নারী অধিকার এবং আইন ও বিচারসংক্রান্ত তথ্যের বিষয়গুলো উঠে এসেছে। এই গবেষণার জন্য ঢাকাসহ মোট ছয়টি জেলার কমিউনিটি লিডার, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের মোট ৫৫০ জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ জন্য পর্যবেক্ষণ করা হয়েছে ৪৯টি সরকারি কার্যালয়।