তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তথ্যবান্ধব সমাজ নির্মাণ করতে হবে। এ জন্য তথ্য অধিকার আইনকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে জন অবহিতকরণ বিষয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মো. গোলাম রহমান এসব কথা বলেন। তথ্য কমিশন ও লালমনিরহাট জেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে।
প্রধান তথ্য কমিশনার বলেন, ‘তথ্যকে জীবনমান উন্নয়নে কীভাবে ব্যবহার করা যায়, তা জানতে হবে ও জানার আগ্রহ থাকতে হবে। সবাইকে অনুধাবন করতে হবে তথ্য একটি ক্ষমতা, একটি শক্তি। যা সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হলে জানা যাবে এ রাষ্ট্র বা সরকার আমাদের কী অধিকার দিয়েছে আর কতটুকু আমরা ভোগ করছি। যদি এর ব্যত্যয় ঘটে তবে এর প্রতিকারের জন্য আমরা তথ্য কমিশনে আপিল করতে পারব। ২০০৯ সালের তথ্য অধিকার আইনে আমরা এর ক্ষমতা লাভ করেছি।’
গোলাম রহমান আরও বলেন, দেশে সুশাসনের জন্য বা জনগণের ক্ষমতায়নের জন্য জনগণের অধিকার আদায়ের তথ্য প্রাপ্তির হাতিয়ার হচ্ছে তথ্য অধিকার আইন। এই আইনের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে এ স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশ হবে। কারণ, জনগণ তাঁর দায়িত্ব ও কর্তব্য এবং অধিকার বিষয়ে সচেতন হলে সমাজ থেকে অনেকাংশে অনিয়ম, দুর্নীতি দূর হবে।
জন অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন সচিব সদর উদ্দিন আহমেদ। লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন তথ্য কমিশনের পরিচালক মো. মুহিবুল হোসেইন, তথ্য কমিশনের উপপরিচালক (প্রশাসন) মো. আবদুল হাকিম, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলাম।
এরপর তথ্য অধিকার আইন ও এর ব্যবহার বিষয়ে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে অংশ নেন আবদুল হামিদ মোল্লা, আজিম উদ্দিন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আফতাবুজ্জামান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা জেসমিন আক্তার ও প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব প্রমুখ। পরে সবাইকে তথ্য অধিকার আইনের আওতায় আবেদনকারীদের জন্য নির্দেশিকা-পুস্তিকাটি দেওয়া হয়।