তথ্যভান্ডার গড়া নিয়ে বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা মহানগরের বাসিন্দাদের তথ্যভান্ডার (ডেটাবেইস) গড়তে থানায় থানায় বিশৃঙ্খল অবস্থা চলছে। নগরবাসীর এসব তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দিলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সেই কাজ এখন বাইরের লোক দিয়ে করানো হচ্ছে। এতে নগরবাসীর ব্যক্তিগত তথ্য ফাঁস ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত সেপ্টেম্বরে ডিএমপির নিউমার্কেট থানায় সংগৃহীত তথ্য ফরম নীলক্ষেতে নিয়ে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে দিয়ে ডিএমপির সফটওয়্যারে তথ্য-উপাত্ত ভুক্তি (ডেটা এন্ট্রি) দেওয়ার অভিযোগ ওঠে। এর জন্য দায়ী চিহ্নিত করে ওই থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সামিউর রহমানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়। এরপর ভুক্তির কাজটি থানায় ফিরিয়ে আনা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দিদার আহমেদ প্রথম আলোকে বলেন, পুলিশের প্রশিক্ষিত জনবল থাকায় বাইরের লোকদের দিয়ে তথ্যভান্ডার করানো নিরুৎসাহিত করা হয়েছে। জনগণের দেওয়া তথ্যের নিরাপত্তার ঘাটতি থাকে এমন কিছু কাউকে করতে দেওয়া হবে না। এ ব্যাপারে থানাগুলোতে খোঁজ নেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ প্রথম আলোকে বলেন, বাইরের লোক দিয়ে তথ্যভান্ডার গড়ার কাজ করানো হলে নাগরিকদের গোপন তথ্য ফাঁস হবে। ডিএমপির উচিত ছিল নাগরিকদের তথ্যভান্ডার গড়ার আগে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া। সুচিন্তিত ও পরিকল্পনামাফিক পদক্ষেপ না নেওয়ায় এই তথ্যভান্ডারে পরে কারিগরি সমস্যা দেখা দিতে পারে।
এ প্রতিবেদক ডিএমপির অন্তত ১০টি থানায় সরেজমিনে দেখতে পান, সেখানে বাইরের লোকদের দিয়ে তথ্য-উপাত্ত ভুক্তির কাজ চলছে।
মিরপুর মডেল থানায় গিয়ে দেখা যায়, থানা ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে ওই এলাকার বাসিন্দাদের জমা দেওয়া তথ্য-উপাত্ত ভুক্তি হচ্ছে। কক্ষের সামনে লেখা রয়েছে ‘কম্পিউটার ল্যাব’। ওই কক্ষে ১০টি চেয়ারে বসে ১০ ব্যক্তি তথ্য পূরণ করছেন। টেবিলে রয়েছে নারী-পুরুষের তথ্য ফরম।
সুকুমার রায় নামের এক ব্যক্তি নিজেকে মিরপুর থানার পুলিশ পরিচয় দেন। তিনি বলেন, ‘প্রথমে নিজেরা শুরু করছিলাম, দেখা গেল এভাবে আগানো অনেক কষ্ট। এরপর সিদ্ধান্ত হলো বাইরের লোকদের ট্রেনিং দিয়ে কাজ করানো হবে।’
পুলিশের ওই সদস্য বলেন, থানার বাইরের কম্পিউটার দোকানে যাঁরা কাজ করেন, তাঁদের মাধ্যমে এঁদের সংগ্রহ করা হয়। পরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। তথ্য পূরণ করা নয়জনকে দেখিয়ে তিনি বলেন, ‘এরা বিভিন্ন কলেজের ছাত্র। তারা এখানে খণ্ডকালীন কাজ করে। রাতে তাদের খাবার দেওয়া হয়। ওসি সাহেব খুশি হয়ে তাদের কিছু দেবেন...থানায় ২৪ ঘণ্টা তথ্য পূরণ করা হচ্ছে।’ তিনি বলেন, পূরণ করা দুই লাখের বেশি ফরম থানায় এসেছে। এর মধ্যে ৪৫ হাজার লোকের তথ্য সফটওয়্যারে তোলা হয়েছে।
কাজ শেষে বের হন সৃজন নামের এক তরুণ। তিনি জানালেন, চলতি বছর তিনি ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর ফাঁকে ফাঁকে থানায় এসে সফটওয়্যারে তথ্য তোলার কাজ শিখছেন। ১০ দিন পর পর তাঁদের পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে কত দেবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
ভাষানটেক থানা ভবনের দ্বিতীয় তলায় কর্তব্যরত কর্মকর্তার পেছনের কক্ষে তথ্য-উপাত্ত ভুক্তি দেওয়া হয়। ওয়্যারলেস অপারেটর জানালেন, বাইরের দুজন লোক তথ্যভান্ডারে তথ্য তোলেন। এ জন্য তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়। তাঁরা বাইরে গেছেন।
কক্ষে ঢুকে দেখা গেল, দুটি কম্পিউটার। কোনো লোক নেই। টেবিলে পড়ে আছে নারী-পুরুষের তথ্য ফরম।
থানার পরিদর্শক (অভিযান) মো. তরিকুল ইসলাম বলেন, থানায় প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত তথ্যভান্ডারে তথ্য তোলার কাজ চলে। পুলিশের দুই সদস্যের পাশাপাশি বাইরের একজন এই তথ্য পূরণ করেন।
এই কর্মকর্তা জানান, এই কাজের পেছনে আলাদা অর্থ বরাদ্দ নেই থানায়। তবে তিন হাজারের বেশি ফরমের তথ্য ভুক্তি দেওয়া হয়ে গেলে এরপর প্রতিটি ফরমের জন্য পাঁচ টাকা করে দেয় ডিএমপি। ওই অর্থ দিয়ে বাইরের লোককে টাকা দেওয়া হয়।
সম্প্রতি কলাবাগান থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, থানায় চার-পাঁচটি কম্পিউটারে তথ্যভান্ডার গড়ার কাজ চলছে। তবে এর জন্য আলাদা কোনো কক্ষ নেই। কতজন তথ্যভান্ডার গড়তে কাজ করছেন, তথ্য-উপাত্ত পূরণের কাজ কত দূর এগিয়েছে, জানতে চাইলে ওসি বলেন, পরে দেখে বলতে পারবেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য বলেন, বাইরের লোক দিয়েও কলাবাগান থানায় তথ্যভান্ডারে তথ্য তোলার কাজ করানো হয়।
শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস জানান, তাঁর থানায় পুলিশের আটজন সদস্য তথ্যভান্ডারে তথ্য তুলছেন। তবে কোথায় এই কাজ হয়, তা বলতে তিনি রাজি হননি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গিয়ে জানা যায়, থানা ভবনের নিচতলায় হাজতখানার পাশে তথ্যভান্ডার গড়ার একটি কক্ষ রয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, কক্ষের তিন দিক ঘোরানো লম্বা টেবিলে রাখা আছে পাঁচটি কম্পিউটার। টেবিলের ওপর রয়েছে পূরণ হয়ে আসা তথ্য ফরমের স্তূপ। চেয়ারে বসে চার ব্যক্তি ওই তথ্যগুলো তথ্যভান্ডারে সংযোজন করছেন। জানা গেল, তাঁদের দুজন বহিরাগত।
তাঁদের একজন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, ‘কাজে পিছিয়ে আছি, তাই পাবলিক দিয়ে কাজ করাই। কিছু পাবলিক নিয়া আইসা কাজের অগ্রগতি বাড়ানোর চেষ্টা করছি। একজন-দুজন করে বাইরে থেকে লোক আসে। প্রতিদিনের টাকা তাদের প্রতিদিন দিয়ে দেওয়া হয়।’
বহিরাগত ব্যক্তিদের মধ্যে ডেটা এন্ট্রি করছিলেন তিতুমীর কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র পরিচয়দানকারী আবদুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এক মাস ধরে এই কাজ করছি। পুলিশ শিখিয়ে দিচ্ছে।’
তবে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) রাশেদুজ্জামান দাবি করেন, থানার সাত পুলিশ সদস্য তথ্যভান্ডারে তথ্য তুলছেন। বাইরের কোনো লোক দিয়ে তথ্যভান্ডারে তথ্য তোলা হয় না।
তথ্যভান্ডার গড়তে অন্য সব থানার প্রায় একই অবস্থা।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, কারও ব্যক্তিগত গোপনীয় তথ্য পুলিশের কাছে দেওয়ার কোনো আইন নেই। সংবিধানের ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের গৃহ-সংক্রান্ত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে হবে।
অন্তত ১০টি থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য ফরম নিয়ে তাঁদের উদাসীনতা ও গা-ছাড়া ভাব দেখা গেছে। কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দৈনন্দিন ডিউটির পাশাপাশি মামলার তদন্তসহ বিভিন্ন কাজ করতে হয় থানা-পুলিশকে। তথ্যভান্ডারে তথ্য তোলার মতো কাজ করার এত সময় থানা-পুলিশের নেই। কর্তৃপক্ষের উচিত কোনো কোম্পানিকে এর দায়িত্ব দেওয়া।
নগরবাসীর সংগৃহীত তথ্য দিয়ে অপরাধ দমন ও জনগণের নিরাপত্তার লক্ষ্যে ডিএমপি কমিশনার গত ১ সেপ্টেম্বর রমনা থানায় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) উদ্বোধন করেন। সিআইএমএস প্রকল্পের আওতায় নাগরিকদের সব তথ্য গোপনীয়তা অবলম্বন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষ তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।

সফটওয়্যার বিনা মূল্যে
ডিএমপির তথ্যভান্ডারের জন্য সফটওয়্যার করে দিয়েছে বাংলা ট্র্যাক কমিউনিকেশনস লিমিটেডের থানি সিস্টেমস। বনানীর ১৯/এ নম্বর সড়কের ৯২ বাড়ির দ্বিতীয় তলায় থানি সিস্টেমস। প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাক্ট অ্যান্ড সলিউশন এম তানভীর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ডিএমপির বিজ্ঞপ্তি পেয়ে থানি সিস্টেম ছাড়াও আটটি কোম্পানি আবেদন করে। এদের মধ্যে ডিএমপি থানি সিস্টেমকে তথ্যভান্ডারের সফটওয়্যার তৈরির কাজ দেয়। ছয় মাসে তারা ডিএমপিকে সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছে। তথ্যভান্ডার গড়বে পুলিশ। এ জন্য তাঁরা পুলিশকে প্রশিক্ষণ দিয়েছেন। তাঁরা আগামী দুই বছর ডিএমপিকে বিনা মূল্যে সফটওয়্যারটি ব্যবহার করতে দেবেন। এরপর ডিএমপির কাছ থেকে অর্থ নেবেন।
তবে ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেছেন, থানি সিস্টেম বিনা মূল্যে ডিএমপিকে সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছে।
বাংলা ট্র্যাক কমিউনিকেশনস লিমিটেডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মো. রকিব মাহমুদ বলেন, তাঁদের সফটওয়্যারটিতে প্রাথমিকভাবে এক কোটি মানুষের তথ্যভান্ডার গড়া যাবে। এখন দেশের ১৬ কোটি মানুষের তথ্য সংরক্ষণের জন্য সফটওয়্যারটি সম্প্রসারণ করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের সার্ভার এসব নিয়ন্ত্রণ করবে।
এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, বিনা মূল্যে সফটওয়্যার করে দেওয়ার পেছনে ওই কোম্পানির কী ধরনের স্বার্থ আছে, তা আগে দেখতে হবে। থানি সিস্টেমের নাম তিনি শোনেননি বলে জানান।