তথ্যভান্ডার থেকে সাড়ে ১২ হাজার ভোটারের তথ্য গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয় নিবন্ধন অণু বিভাগের তথ্যভান্ডার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১২ হাজার ৮২৫ জন ভোটারের তথ্য গায়েব হয়ে গেছে। ওই ভোটারদের পূরণ করা পুরোনো তথ্য ফরম থেকে তথ্য নিয়ে আবার তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক বলেছেন, বিষয়টি তত উদ্বেগজনক নয়। হারিয়ে যাওয়া এসব তথ্য উদ্ধার করা হয়েছে।
তথ্য হারানোর বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন নিবন্ধন অণু বিভাগের মহাপরিচালক (ডিজি) কর্নেল সুলতানুজ্জামান মো. সালেউদ্দিন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, পুরোনো ভোটার তথ্য নতুন করে তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করার কাজ শেষ হয়েছে গত রোববার। এরপর ভোটারদের ছবি বসানোর কাজ শুরু হয়েছে। কাজটি করতে গিয়ে নিবন্ধন অণু বিভাগ আগারগাঁওয়ের নিজস্ব দপ্তরে বাইরের লোকজনের যাতায়াত, এমনকি নিজস্ব কর্মকর্তাদের গতিবিধির ওপরও কড়াকড়ি আরোপ করেছে। অনেকটা কঠোর নিরাপত্তায় তাঁরা নতুন তথ্য অন্তর্ভুক্ত করার কাজ করছেন।
কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলেন, তথ্যভান্ডার থেকে তথ্য গায়েব হওয়ার বিষয়টি উদ্বেগজনক। তাঁরা মনে করেন, ভোটারদের পূরণ করা তথ্য ফরম সব সময়ের জন্য সংরক্ষণ করা সম্ভব নয়। যেসব ভোটারের তথ্য গায়েব হয়েছে, তাঁদের তথ্য ফরম সংরক্ষিত না থাকলে সংশ্লিষ্ট এলাকার ভোটার তথ্য ফিরে পাওয়া সম্ভব ছিল না। সে ক্ষেত্রে নতুন করে ভোটার করতে হতো।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ২০০৯-১০ সালের কোনো এক সময়ে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২ হাজার ৮২৫ জন ভোটারের তথ্য তথ্যভান্ডার থেকে মুছে যায়। কর্মকর্তাদের ধারণা, ভোটার তথ্য উপজেলা থেকে কেন্দ্রীয় তথ্যভান্ডারে স্থানান্তরের সময় অণু বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার অসতর্কতায় এসব ভোটারের তথ্য মুছে যায়।
সূত্র জানায়, বিষয়টি নিবন্ধন অণু বিভাগের আইটি শাখা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে গোপন রাখে। কিন্তু ২০১১ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় বিষয়টি জানাজানি হয়। তার পরও আইটি শাখার খামখেয়ালিতে হারানো তথ্য যথাসময়ে উদ্ধারের ব্যবস্থা করা যায়নি। এখন জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় তড়িঘড়ি করে হারিয়ে যাওয়া ওই তথ্য উদ্ধার করা হচ্ছে। কমিশনের কাছে সংশ্লিষ্ট এলাকার ছাপানো ভোটার তালিকা থাকায় ইউপি ও পৌর নির্বাচনের সময় বিষয়টি নিয়ে তাঁদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি। ছাপানো ভোটার তালিকা দিয়ে ওই দুটি নির্বাচনের কাজ চালানো হয়। কমিশনের একটি সূত্র জানায়, কিছুসংখ্যক ভোটারের পূরণ করা তথ্য ফরম এখনো পাওয়া যায়নি।