তথ্যভান্ডার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার (েডটা সেন্টার) ও নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হন্তক্ষেপ চেয়েছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। তিনি বলেছেন, তথ্যভান্ডারের নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মকর্তা বা টাইগার আইটির কাছে থাকলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
গতকাল মঙ্গলবার সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় রুস্তম আলী এ কথা বলেন। তার আগে বিকেল সোয়া চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়।
আলোচনায় রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ২০১২ সালের ৩০ জুন নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার কথা ছিল। টাইগার আইটি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই তথ্যভান্ডারসহ সবকিছু হস্তান্তর না করে তাদের কাছে রেখে দিয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে তারা কম্পিউটারে একটি চাপ দিয়ে তথ্যভান্ডার থেকে সবকিছু মুছে ফেলতে পারে। তারা তথ্যভান্ডার গোপন কোনো সংস্থার কাছেও দিয়ে দিতে পারে বা পাচার করে দিতে পারে। এতে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।’
রুস্তম আলী বলেন, প্রকল্পের নামে বিশ্বব্যাংকের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনে লুটপাট করা হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রুস্তম আলী বলেন, এই তুঘলকি কাণ্ড চলতে থাকলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।
গতকাল মঙ্গলবার প্রথম আলোতে ‘ভোটার তথ্যভান্ডারের চাবি ইসির হাতে নেই, জাতীয় নিরাপত্তা ও নাগরিকে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়।