তথ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে অংশ নেননি
পৌর নির্বাচনের প্রচারে তথ্যমন্ত্রীর অংশ নেওয়া-সংক্রান্ত প্রতিবেদনের ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৪ ডিসেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভাষাসৈনিক শামছুল হক চত্বরে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত পথসভায় যে বক্তব্য দেন, সেখানে পৌর নির্বাচন-সংক্রান্ত কোনো বক্তব্য ছিল না। মহান বিজয় দিবসের ওপর তথ্যমন্ত্রীর সাত মিনিটের এ সংক্ষিপ্ত বক্তৃতার সময় অন্য কোনো মন্ত্রীও সেখানে ছিলেন না, এমনকি আসন্ন পৌর নির্বাচনের কোনো প্রার্থীও মঞ্চে ছিলেন না। ফলে তথ্যমন্ত্রীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না।
এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সম্যক অবগত এবং বিধিবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমার দ্বারা যেহেতু কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’ বিজ্ঞপ্তি।