তথ্যমন্ত্রীর অনুরোধে সাংবাদিকদের সমাবেশ স্থগিত
ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। ১১ সাংবাদিক নেতার পক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিবৃতি বলা হয়, বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ইতিমধ্যে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন। সরকারও দ্রুত এ সমস্যার সমাধানে সচেষ্ট। তিনি এ বিষয়ে সহযোগিতার পরিবেশ রক্ষার স্বার্থে কর্মসূচি স্থগিত রাখার জন্য সাংবাদিক নেতাদের অনুরোধ করেন। মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা পর্যন্ত সমাবেশ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে বলা হয়।
সম্প্রতি ৪টি সংগঠনের ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়। ব্যাংকগুলোকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
যে প্রক্রিয়ায় সাংবাদিকদের শীর্ষ সংগঠনগুলোর ১১ নেতার ব্যাংক হিসাব চাওয়া হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে আসছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সাংবাদিক নেতারা। ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ শেষে কাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সাংবাদিকেরা।
সাংবাদিক নেতারা নির্বাচিত শীর্ষ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করার ক্ষেত্রে সংগঠন, প্রতিষ্ঠান ও রাজনৈতিক পরিচয় একীভূত করার ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন। তাঁরা বলেন, ঢালাওভাবে ব্যাংক হিসাব তলবের খবরে সারা দেশের সাংবাদিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।