দিগন্ত ও ইসলামিক টেলিভিশন চালু এবং আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে জাতীয় দৈনিকের ১৫ জন সম্পাদকের বিবৃতির বিরুদ্ধে তথ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভেতরে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই আহ্বান জানানো হয়। দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান, যমুনা টিভি ও শীর্ষ নিউজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং মাহমুদুর রহমানের মুক্তি, সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। তথ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘১৫ জন সম্পাদকের দেওয়া বিবৃতির বিরুদ্ধে দেওয়া আপনার বক্তব্য প্রত্যাহার করুন। তা না হলে সাংবাদিক সমাজ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে।’