তথ্যমন্ত্রীর বাড়িতে ককটেলের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে ককটেল হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাহবুবুল আলম (২৮) ও আকিল মাহমুদ (৩২)।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মনিরুল ইসলাম দাবি করেন, গতকাল সোমবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীর বেইলি রোড ও মিরপুরের রূপনগর এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমান ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে।

গ্রেপ্তার হওয়া মাহবুবুল ও আকিল জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি দাবি করেন, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি স্বীকার করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও ঢাকা মহানগর ছাত্রদলের (উত্তর) জ্যেষ্ঠ সহসভাপতি শরিফ উদ্দিনের পরিকল্পনা ও নির্দেশে তাঁরা এ কাজ করেন।

মনিরুল ইসলাম দাবি করেন, মাহবুবুল আলম জানিয়েছেন, ককটেল বিস্ফোরণ ঘটালে তাঁকে ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদকের পদ পাইয়ে দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়।

আজ দুপুরে ডিবি কার্যালয়ে নেওয়ার সময় মাহবুবুল ও আকিল প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, কোনো কিছুর বিনিময়ে নয়, ছাত্রদলের ‘হাইকমান্ডের’ নির্দেশে তাঁরা এই হামলা চালান।

এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, ছাত্রদল ও তাঁকে জড়িয়ে পুলিশের এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করতে সরকারের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ এটি।

যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। আরও তথ্য যাচাই-বাছাই করে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করা হবে।

৯ জুন দুপুরে তথ্যমন্ত্রীর দারুস সালাম এলাকার বাসভবনে ককটেল হামলা হয়। এতে বাসার জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার বিষয়ে তখন পুলিশ জানিয়েছিল, মিরপুর সড়কের পার্শ্ববর্তী দারুস সালাম এলাকার ইস্টার্ন হাউজিং প্রকল্পের পাঁচতলা বাসভবনে দুই মোটরসাইকেল আরোহী কয়েকটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। সেখানে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।