তথ্যসচিবের নেতৃত্বে তদন্ত কমিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনার তথ্য উদ্‌ঘাটন করতে তথ্যসচিব মরতুজা আহমদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামীকাল এ বিষয়ে আদেশ জারি হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী আজ প্রথম আলোকে এ কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেয়। কিন্তু মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবের নাম আসায় মুক্তিযোদ্ধারা এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। তাঁরা বলেন, সচিবের অধীনস্থ কোনো কর্মকর্তাকে দিয়ে প্রকৃত ঘটনা জানা সম্ভব নয়।

গত মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের হোটেল কর্ণফুলীর একটি কক্ষ থেকে মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। হোটেলের ওই কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়। এতে লেখা রয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ‘গলাধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আমি আত্মহত্যা করলাম।’