মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় তথ্যসচিব মরতুজা আহমদের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার এ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করা হবে।
জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ওই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেয়। কিন্তু মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক সচিবের নাম আসায় যুগ্ম সচিবকে দিয়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্তের বিরোধিতা করছেন মুক্তিযোদ্ধারা। তাঁরা বলেন, সচিবের অধীনস্থ কোনো কর্মকর্তাকে দিয়ে তথ্য সংগ্রহ করলে প্রকৃত ঘটনা জানা সম্ভব নয়। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক সচিব এম এ হান্নানকে পদে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়।
৭ জুলাই রাজধানীর তোপখানা রোডের আবাসিক হোটেল কর্ণফুলীর একটি কক্ষ থেকে মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। হোটেলের ওই কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়। ওই চিঠিতে লেখা রয়েছে, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গলাধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আত্মহত্যা করলাম।’