তথ্যসাক্ষরতা হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার পূর্বশর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে তথ্যসাক্ষর হতে হবে। তথ্যসাক্ষরতা সব বিষয়ের জন্য প্রযোজ্য এবং এটি একটি জীবনব্যাপী শিক্ষাপ্রক্রিয়া ছাড়া অন্য কিছু নয়।’নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাজি মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক)-ঢাকার অধিকর্তা কাজী আলী রেজা এই মন্তব্য করেন। ওই বিদ্যালয়ে ‘তথ্যসাক্ষরতা প্রশিক্ষণ কর্মসূচি ও জাতিসংঘ সাক্ষরতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ (সিস), ঢাকা ও ইউনিক-ঢাকার যৌথ উদ্যোগে গত শনি ও গতকাল রোববার কোর্সটি পরিচালনা করা হয়।কাজী আলী রেজা ছাড়াও ইউনিকের প্রধান গ্রন্থাগারিক মো. মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মু. মেজবাহ-উল-ইসলাম ও সিস-বির পরিচালক মিনহাজ উদ্দীন আহাম্মদ কোর্সটি পরিচালনা করেন।তথ্যসাক্ষরতা ছাড়াও কাজী আলী রেজা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন।কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ৩০ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ বিতরণ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি লায়ন মো. মোজাম্মেল হক ভূঁইয়া। ‘মারুফ শারমীন স্মৃতি সংস্থা’র পৃষ্ঠপোষকতায় কোর্সটি সম্পন্ন হয়।