তথ্যসেবা কেন্দ্রের কম্পিউটার কর্মকর্তার কার্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তথ্যসেবা কেন্দ্র চালুর পাঁচ মাস পরও কোনো সেবা পাচ্ছে না এলাকাবাসী। এই কেন্দ্রের জন্য বরাদ্দ দেওয়া দুটি কম্পিউটার দুই সরকারি কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পর্যায়ের ১৩টি কেন্দ্রের অবস্থাও করুণ। এসব কেন্দ্রে এসে স্থানীয় লোকজন সেবা পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, জনসাধারণের ব্যবহারের জন্য গত বছরের অক্টোবর মাসে উপজেলায় তথ্যসেবার কেন্দ্র উদ্বোধন করা হয়। এই কেন্দ্র থেকে ইন্টারনেটের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ দেশের ভেতরে এবং প্রবাসী স্বজনদের সঙ্গে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগ করবে। সরেজমিনে ওই কেন্দ্রে দেখা গেছে, সেখানে তিনটি কম্পিউটার আছে। তবে কোনো কম্পিউটারেই ইন্টারনেটের সংযোগ নেই। ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য একটি মডেম দেওয়া হলেও সেটি অচল। প্রচারণা না থাকায় এবং ইন্টারনেটের সংযোগ না থাকায় এখন এখানে আর কেউ আসে না।কমিউনিটি ই-সেন্টারের পরিচালক মো. সোহরাব হোসেন বলেন, একটি মডেম দিয়ে একটি পিসি (কম্পিউটার) ব্যবহার করা যাবে, কিন্তু এর বিল কোথা থেকে আসবে—এ সম্পর্কে কিছুই ধারণা দেওয়া হয়নি। তাই ইন্টারনেট-সেবা চালু করা যায়নি।ইউএনও শোয়াইব আহমাদ খান বলেন, ‘কমিউনিটি ই-সেন্টারের দুটি কম্পিউটারের মধ্যে একটি আমার এবং আরেকটি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আছে, সেগুলো ফেরত দেওয়া হবে। উপজেলায় তথ্যসেবা কেন্দ্র শিগগিরই চালু করার উদ্যোগ নেওয়া হবে।’