তথ্যসেবাকেন্দ্র স্থাপনের নামে টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র স্থাপনের নামে ইউনিয়ন পরিষদের এক লাখ টাকা খরচ দেখানো হলেও তা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চারজন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছেন। তথ্যসেবাকেন্দ্র স্থাপনের জন্য ওই টাকা দিয়ে একটি কক্ষ সংস্কার করা হয়েছে বলে দাবি করা হলেও কেন্দ্রের কাজ চলছে অন্যত্র।ইউপি সদস্য আবদুস সাত্তার অভিযোগ করেন, পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা না করে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হোসেন তথ্যসেবাকেন্দ্র স্থাপনের জন্য দাশুড়িয়া বাজারে পরিষদের একটি পরিত্যক্ত ভবন সংস্কার করেন। ইউপি সদস্য আক্তারুজ্জামান জানান, এই কাজের নামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিব ইদ্রিস আলী এক লাখ টাকা তুলে নিয়েছেন। অথচ সেই ভবনটি এখনো পরিত্যক্ত রয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তথ্যসেবাকেন্দ্রের কাজ চালানো হচ্ছে।ইউনিয়ন পরিষদের সচিব ইদ্রিস আলী জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাজারে পরিষদের একটি ভবনে তথ্যকেন্দ্র স্থাপনের জন্য একটি কক্ষ সংস্কারে এক লাখ টাকা খরচ করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিষদের অন্য সদস্যদের জানিয়েই এ কাজ করা হয়েছে। আর তথ্যকেন্দ্রের জন্য কক্ষ সংস্কারে টাকা সঠিকভাবে খরচ হয়েছে। কিন্তু মানুষ যাতে দ্রুত তথ্যসেবা পেতে পারে, সে জন্য আমরা সেখানে তথ্যকেন্দ্র না করে পরিষদে ফিরিয়ে এনেছি।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, সংস্কারকাজ করার জন্য একটি প্রকল্প তৈরি করা হয়। এ ব্যাপারে প্রকল্পের চেয়ারম্যান ইউপি সদস্য সানাউল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।গত রোববার সরেজমিনে দেখা গেছে, দাশুড়িয়া বাজারে অবস্থিত সেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কয়েকটি নতুন জানালা লাগানো এবং দেয়ালের কিছু অংশ সংস্কার করা হয়েছে। ইউএনও জাকির হোসেন জানান, এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে দেখা হবে।