তথ্যসেবাকেন্দ্রের মালামাল ইউপি চেয়ারম্যানের বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যসেবাকেন্দ্রের কম্পিউটার ও অন্য মালামাল ইউপি চেয়ারম্যানের বাড়িতে বস্তাবন্দী অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইউনিয়নবাসী তথ্যসেবাকেন্দ্রের যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এলাকাবাসী জানান, বর্তমান সরকার তৃণমূল মানুষের সুবিধার জন্যই ২০১০ সালে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র চালু করে। কিন্তু সুখিয়া ইউপির তথ্যসেবাকেন্দ্রের কম্পিউটার ও অন্য মালামাল দুই বছর ধরে চেয়ারম্যান আফিল উদ্দিনের বাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসী বিদেশে যাওয়ার নিবন্ধন করা, ই-মেইল পাঠানো, কৃষিতথ্য প্রাপ্তি ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের অতিরিক্ত টাকা ব্যয় করে অন্য জায়গায় এসব কাজ করতে হচ্ছে।
ওই এলাকার রহিসউদ্দিন অভিযোগ করেন, দুই বছর ধরে তাঁর মতো গ্রামের সাধারণ মানুষ সব ধরনের তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চেয়ারম্যান আফিল উদ্দিন বলেন, পরিষদের বিদ্যুৎসংযোগে সমস্যা থাকায় কম্পিউটার ও অন্য মালামাল বাড়িতে রাখা হয়েছে।