তথ্যে পার্থক্য অনেক, মানবাধিকারের ঠিক চিত্র পাওয়া কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হিসাব বলছে, গত বছরের নভেম্বর মাস পর্যন্ত সারা দেশে ১০ হাজার ১৪৯টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। এর মধ্যে দুই হাজার ৪১৮টি ধর্ষণের ও ৮০টি এসিড-সন্ত্রাসের ঘটনা। একাধিক বেসরকারি সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে সরকারের এই হিসাবের পার্থক্য অনেক। অন্যদিকে বেসরকারি সংস্থাগুলোর তথ্যের মধ্যেও অনেক অমিল।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ১১ মাসে ৮০টি এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটে। বেসরকারি প্রতিষ্ঠান এসিড সারভাইভরস ফাউন্ডেশনের (এএসএফ) সূত্র বলছে, এ সময় ১০৪টি এসিড-সন্ত্রাসের ঘটনায় ১৩২ নারী-পুরুষ-শিশু আক্রান্ত হয়। এএসএফের নির্বাহী পরিচালক মুনিরা রহমান বলেন, তথ্যসূত্রের ভিন্নতার কারণে এই সংখ্যাগত পার্থক্য। তিনি জানান, সাধারণত সংবাদপত্রে প্রকাশিত ও স্থানীয়ভাবে পাওয়া খবর থেকে তাঁরা তালিকা তৈরি করেন।এ প্রসঙ্গে স্বরাষ্ট্রসচিব আবদুল সোবহান শিকদার প্রথম আলোকে বলেন, নারী-শিশু নির্যাতনের হিসাবের জন্য দায়েরকৃত মামলার সংখ্যার ওপর নির্ভর করা হয়। মামলার ওপর ভিত্তি করে সরকারের পরিসংখ্যান তৈরি হয়।কিন্তু বেসরকারি সংস্থাগুলোর হিসাবেও পার্থক্য চোখে পড়ার মতো। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, ২০০৯ সালে ৬৩টি এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটে। আসক বলছে, এসব ঘটনায় মামলা হয়েছে মাত্র ২৯টি। ১২টি সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে আসক এই হিসাব দিয়েছে।সরকারি হিসাব বলছে, ২০০৯ সালের প্রথম ১১ মাসে ধর্ষণের ঘটনা ঘটে দুই হাজার ৪১৮টি। কিন্তু আসক বলছে, ধর্ষণের ঘটনা ৪৪৬টি। মামলার কারণে সরকারি হিসাবে সংখ্যা এত বেশি। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, জমিজমাসংক্রান্ত মামলায় প্রতিপক্ষকে ফাঁসিয়ে দিতে অনেক সময় ধর্ষণের মামলা করা হয়। মামলার পরিমাণ বেশি বলে ধর্ষণের ঘটনার সংখ্যা অন্য অনেক নির্যাতনের চেয়ে মাত্রাতিরিক্ত বেশি।সরকারের হিসাবে, ২০০৯-এর নভেম্বর পর্যন্ত ৮২৬টি শিশু নির্যাতনের ঘটনা উল্লেখ করা হয়েছে। শিশু অধিকার ফোরাম বলছে, গত বছর শিশু নির্যাতনের ঘটনা প্রায় দুই হাজার। ছয়টি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে এই সংখ্যা নির্ধারিত করেছে ফোরাম।পার্থক্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, এ ধরনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাধারণত মামলার সংখ্যা বিবেচনায় নেওয়া হয়। এর বাইরে অনেক ঘটনা ঘটে, যেগুলো মামলা হওয়া দূরে থাক, কানেও আসে না। গৃহস্থালি কাজে নিয়োজিত শিশু নির্যাতনের উদাহরণ টেনে তিনি বলেন, অনেক শিশু প্রতিদিন নির্যাতনের শিকার হয়। মালিকের বিরুদ্ধে কথা বলার মতো সুযোগটাও হয়তো তার থাকে না।মানবাধিকার প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, তথ্যের পার্থক্যের কারণে শিশু, নারী বা যেকোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সঠিক চিত্র পাওয়া যায় না। এ ব্যাপারে শিশু অধিকার ফোরামের সভাপতি ওয়াহিদা বানু বলেন, সরকারি ও বেসরকারি তথ্য সমন্বয় করে একটি প্রতিবেদন প্রকাশ করলে দেশের মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক চিত্র পাওয়া যেতে পারে।