তথ্যে প্রবেশাধিকারকে এসডিজির কেন্দ্রীয় বিষয় করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) কেন্দ্রীয় বিষয় হিসেবে তথ্যে প্রবেশাধিকারকে অন্তর্ভুক্ত করার জন্য জাতিসংঘের কাছে আবেদন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়। ‘একসেস টু ইনফরমেশন সেন্ট্রাল টু দ্য পোস্ট ২০১৫ ডেভেলপমেন্ট এজেন্ডা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান আর্টিক্যাল ১৯, ইক্যুইটিবিডি ও দ্য ডেইলি স্টার।
বৈঠকে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, ২০১৫ পরবর্তী উন্নয়ন আলোচনা বিষয়ে বাংলাদেশ সরকারের প্রস্তাবনায় তথ্যে প্রবেশাধিকারের বিষয়টি কেন্দ্রীয় বিষয় হিসেবেই আছে। ভবিষ্যতে বাংলাদেশ সরকার জাতিসংঘের কাছে তা পেশ করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, সরকার স্বীকার করে যে তথ্যে প্রবেশাধিকার আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে গেলে এখনো অনেক প্রস্তুতিমূলক কাজ করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘবিষয়ক ডেস্কের মহাপরিচালক সাদিয়া মুনা তাসনিম বলেন, জাতিসংঘের এসডিজি প্রণয়ন প্রক্রিয়ার সময় বাংলাদেশ সরকার ‘উন্নয়ন অধিকার’ বিষয়েও আবেদন জানাবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে সরকারের মোট বাজেটের ১৩ দশমিক ৬ শতাংশ এবং জিডিপির দুই দশমিক চার শতাংশ অপচয় হয়। সত্যিকার অর্থে তথ্যে প্রবেশাধিকার প্রতিষ্ঠা করতে হলে এটি বন্ধ করতে হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সরকারের জবাবদিহির কেন্দ্রীয় বিষয় হচ্ছে জনগণের তথ্যে প্রবেশাধিকার। দেশের গণমাধ্যমগুলোকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক সাংসদ আকরাম হোসেন ও তথ্য কমিশনার সাদেকা হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহ উদ্দীন, আর্টিকেল ১৯-এর পরিচালক তাহমিনা রহমান ও ইক্যুইটিবিডির প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী। বিজ্ঞপ্তি।