তথ্যের জন্য আশারফের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশারফ হোসেন
আশারফ হোসেন

যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের আবদুল জব্বার পেশায় দিনমজুর। গত শনিবার কাজ করার সময় দায়ের কোপ লেগে তাঁর বাঁ হাত কেটে যায়। রক্ত বন্ধ হচ্ছিল না। তাঁকে নেওয়া হয় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাঁর ভাই ফোন করলেন আশারফ হোসেনকে। আশারফ ফোন করেন হাসপাতালে। তাঁর এক ফোনেই গুরুত্ব বেড়ে গেল জব্বারের। জব্বার প্রথম আলোকে বললেন, ‘আমার হাতের কাটা জায়গায় প্রায় দেড় ঘণ্টা ধরে সেলাই করে দিয়েছেন চিকিৎসক। আশারফ চাচা না থাকলে ভালো চিকিৎসা পেতাম না।’

চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের রমজান আলী উপজেলা ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়েছিলেন। কিন্তু কাজটি হচ্ছিল না, তিনি হয়রানির শিকার হলেন। একদিন তিনি আশারফ হোসেনের কাছে গিয়ে বিষয়টি বললেন। সব শুনে আশারফ তাঁকে ভূমি অফিসের এক কর্মকর্তার কাছে পাঠালেন। কয়েক দিনের মধ্যেই কাজটি হয়ে গেল। রমজান বলেন, ‘আমি হতাশ হয়ে পড়েছিলাম। আশারফ ভাই সহযোগিতা না করলে আমাকে আরও ভোগান্তির শিকার হতে হতো।’

সরকারি দপ্তরের সেবা পেতে এলাকায় এখন অনেকের ভরসার জায়গা হয়ে উঠেছেন আশারফ হোসেন। তার কারণ, তিনি তথ্য অধিকার আইন ব্যবহার করে বিভিন্ন দপ্তর থেকে তথ্য চেয়ে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় সরকারি দপ্তরগুলোকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা করছেন তিনি।

কে এই আশারফ?
ছোটবেলা থেকেই আশারফ হোসেন প্রতিবাদী। চোখের সামনে কোনো অন্যায়, অনিয়ম ও দুর্নীতি সহ্য করেন না। এখন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়েন সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নিয়ে। মুখোশ খুলে দেন দুর্নীতিবাজদের। তথ্য অধিকার আইন তাঁর হাতিয়ার। তথ্য দিয়ে তিনি সহায়তা করেন গণমাধ্যমকর্মীদেরও।

আশারফ হোসেনের (৫০) বাড়ি যশোরের চৌগাছা উপজেলার জামালতা গ্রামে। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পেশায় কাঠ ব্যবসায়ী। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে ছোট্ট সংসার তাঁর।

ব্যবসার ফাঁকে আশারফ হোসেন তথ্য অধিকার আইনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে তথ্যের জন্য আবেদন করেন। কোনো রকম অসংগতি, অনিয়ম কিংবা দুর্নীতি দেখলেই এ-সংক্রান্ত তথ্য চান। কেউ তথ্য দিতে গড়িমসি করলে তাঁদের তথ্য কমিশনের মুখোমুখি করেন। তথ্য অধিকার আইনে বিভিন্ন দপ্তরে এ পর্যন্ত ২৬টি আবেদন করেছেন আশারফ। এর মধ্যে ১৮টি আবেদন করে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তথ্য পেয়েছেন। চারটি আবেদন তথ্য কমিশনে নিষ্পত্তির পর তথ্য পেয়েছেন। চারটি আবেদন প্রক্রিয়াধীন।

সম্প্রতি আশারফের বাড়িতে গিয়ে দেখা যায় ছোট একটি আধা পাকা ঘর। বাড়িতে গিয়ে পাওয়া গেল না তাঁকে। ছেলেকে নিয়ে বাড়ির পাশে মাঠে ধান কাটছিলেন তিনি। সেখানে কথা হয় তাঁর সঙ্গে।

আশারফ বললেন, ‘২০১৫ সালের ডিসেম্বরে সিংহঝুলী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এমআরডিআই নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে তথ্য অধিকার আইন বিষয়ে ক্যাম্প হয়। এর পেছনে ভূমিকা রেখেছে মানুষের জন্য ফাউন্ডেশন। সাত দিনের প্রশিক্ষণে জানতে পারি, আইন অনুযায়ী সবার তথ্য পাওয়ার অধিকার আছে। প্রশিক্ষণ শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইনে তথ্য ও নথি চেয়ে আবেদন শুরু করি।’ আর তাতেই সবকিছু বদলে যেতে শুরু করে।

আশারফ বলেন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌগাছা উপজেলা শিক্ষা কার্যালয়, চৌগাছা যুব উন্নয়ন কার্যালয় এবং শিশু নিলয় ফাউন্ডেশন তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য দেয়নি। বেসরকারি সংগঠন শিশু নিলয় ফাউন্ডেশন প্রথমে তাঁর আবেদন জমা নেয়নি। জমা না নেওয়ার কারণ জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে ভর্ৎসনা করেন। এরপর তিনি তথ্য কমিশনে তিনটি দপ্তর এবং একটি বেসরকারি সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তথ্য কমিশনে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন এবং পরে তাঁকে তথ্য দিয়েছেন। বর্তমানে চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, ধুলিয়ানী ইউপি, যশোর জেলা সিভিল সার্জনের কার্যালয় ও চৌগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে তাঁর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

জবাবদিহির হাতিয়ার
তথ্য অধিকার আইন তথ্য প্রাপ্তির দুয়ার খুলে দিয়েছে বলে মনে করেন আশারফ। তিনি বলেন, ‘অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ ও সাধারণ মানুষের উপকারের জন্য আমি তথ্য অধিকার আইনে আবেদন করি। এটা করে আমি যেমন তথ্য পাই, তেমনি আবার আনন্দও পাই। যেসব দপ্তরে অনিয়ম ও দুর্নীতি দেখি, সেই সব দপ্তরে আমি তথ্য চেয়ে আবেদন করি। এতে ওই সব কর্মকর্তা সতর্ক হন।’

এ কাজে নেমে আশারফ হুমকির মুখেও পড়েছেন। তবে তিনি দমে যাননি। স্ত্রী তাসলিমা খাতুন বলেন, ‘তাঁর কাজে মানুষের উপকার হচ্ছে। এটা ভালো লাগে। কিন্তু এ কাজ করতে গিয়ে তাঁর জীবনের ওপর হুমকিও আসছে। তাঁকে নিয়ে আমি উৎকণ্ঠায় থাকি।’

তথ্য অধিকার আইনে বিভিন্ন দপ্তরে আবেদন করে আশারফ হোসেনের তথ্য প্রাপ্তির বিষয়টি এলাকায় এখন বেশ আলোচিত। তাঁকে অনুসরণ করে উজিরপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী জাহাঙ্গীর আলম, একই গ্রামের বাইসাইকেল মেরামতকারী আবু কালাম, মুক্তারপুর গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী ডাবলু মিয়া এবং ফতেপুর গ্রামের দুধ ব্যবসায়ী নওয়াব আলী তথ্য অধিকার আইনে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোরের ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার দাস বলেন, আশারফ হোসেনের সাহসী উদ্যোগ দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হচ্ছেন। তাঁরাও আবেদন করে তথ্য নিচ্ছেন। এটা খুবই ইতিবাচক ঘটনা। এতে সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহি কিছুটা হলেও নিশ্চিত হচ্ছে।

জনস্বার্থে তথ্য চাওয়া
২০১৫ সালের ২৬ আগস্ট চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন আশারফ হোসেন। আবেদনে তিনি ২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বরাদ্দ বিনা মূল্যের সরকারি ওষুধের নাম ও তালিকা, যেসব নাগরিক বিনা মূল্যের ওই ওষুধ পেয়েছেন, তাঁদের নাম ও তালিকার রেজিস্টারের ফটোকপি চান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি তথ্য পাননি। এরপর ওই বছরের ৭ অক্টোবর তিনি যশোরের সিভিল সার্জনের কাছে আপিল করেন। সেখান থেকেও তাঁকে কোনো তথ্য দেওয়া হয়নি।

শেষমেশ ১১ নভেম্বর (২০১৫) তিনি তথ্য কমিশনে অভিযোগ করেন। ওই বছরের ১০ ডিসেম্বর তথ্য কমিশনে শুনানি হয়। তথ্য কমিশন শুনানি শেষে আশারফ হোসেনকে ১৫ দিনের মধ্যে তথ্য দিতে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আবদুর রাজ্জাককে নির্দেশ দেয়। ২০১৬ সালের ৬ জানুয়ারি আবদুর রাজ্জাক তাঁকে ২৪ টাকা তথ্যমূল্য প্রদান করে ১৫ দিনের মধ্যে চাওয়া তথ্য নিতে অনুরোধ করেন। এরপর থেকে যথাযথভাবে রোগীরা বিনা মূলের সরকারি ওষুধ ও স্বাস্থ্যসেবা পেতে শুরু করেন।

চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের শাহার বানু দুই মাস আগে শ্বাসকষ্ট, ব্যথা ও জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। তিনি বলেন, ‘১০ দিন হাসপাতালে ভর্তি ছিলাম। খুব ভালো চিকিৎসা পেয়েছি। ডাক্তাররা খু্বই আন্তরিক। সব ওষুধ হাসপাতাল থেকে দিয়েছে। আমার কোনো টাকা খরচ হয়নি।’

২০১৫ সালের ২৬ আগস্ট চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে একটি আবেদন করেন আশারফ হোসেন। আবেদনে তিনি গরিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর তালিকা এবং বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ, সে-সংক্রান্ত নির্দেশনা এবং পরিপত্র চান। ওই বছরের ৬ অক্টোবর তাঁকে আংশিক তথ্য দেওয়া হয়। পরদিন ৭ অক্টোবর তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আপিল করেন। সেখান থেকে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তথ্য পান। এরপর থেকে বিদ্যালয়টির উপবৃত্তি প্রদান সুষ্ঠুভাবে হচ্ছে।

জামালতা গ্রামের এনামুল হক বলেন, ‘আমার মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে। এর আগে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানে অনিয়ম করা হতো। উন্নয়নমূলক কাজেও নয়-ছয় হতো। এখন নিয়মমাফিক ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া হয়।’

যশোর জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এ এস এম কবির হোসেন বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিকের যেকোনো দপ্তর থেকে তথ্য পাওয়ার অধিকার রয়েছে। তথ্য অধিকার আইনে তাঁকে আবেদন করে তথ্য নিতে হবে। আশারফ হোসেন তথ্য অধিকার আইনে বিভিন্ন দপ্তরে আবেদন করে তথ্য নিচ্ছেন। এটা খুবই ইতিবাচক ঘটনা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তথ্য অধিকার আইনের লক্ষ্য হলো রাষ্ট্রের সব খাতে সুশাসন প্রতিষ্ঠা করা। সাধারণ মানুষকে এভাবে আইনটি প্রয়োগে উদ্বুদ্ধ করতে পারলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। একটা দুঃখের বিষয় হলো, এই আইনটি ব্যবহারে গ্রামের মানুষকে যতটা উদ্বুদ্ধ করা যাচ্ছে, শহরের মানুষকে ততটা নয়। এই চিত্রটিও বদলানো দরকার।