তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে স্মার্ট কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে স্মার্ট কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

উন্নতমানের জাতীয় পরিচয়পত্রে (স্মার্ট কার্ড) থাকা নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বন জানান।

নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির পক্ষে কার্ডটি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। পরে সিইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাঁর স্মার্ট কার্ড তুলে দেন।

পরে বঙ্গবভনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁর স্মার্ট কার্ড তুলে দেন সিইসি রকিবউদ্দীন আহমদ। এ সময় রাষ্ট্রপতি স্মার্ট কার্ড বিতরণ প্রচেষ্টার প্রশংসা করে বলেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, তার একটি ভালো উদাহরণ এই কার্ড প্রবর্তন।

এর আগে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উঠে প্রধানমন্ত্রী ১০ আঙুলের ছাপ দেন এবং স্মার্ট কার্ড সংগ্রহের জন্য চোখ স্ক্যান করান।

শেখ হাসিনা বলেন, ‘যত ধরনের নতুন প্রযুক্তি রয়েছে, গ্রহণ করা হবে। তবে, তার ফায়ারওয়াল থাকতে হবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই স্মার্ট কার্ড নকল করা সহজ হবে না।’ প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেশিন রিডেবল ন্যাশনাল আইডেনটিটি (এনআইডি) কার্ড বিতরণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক স্থাপিত হলো।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আফগানিস্তানের বিরুদ্ধে বিজয়ী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দলের অধিনায়ক ও স্মার্ট কার্ড প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজার হাতে কার্ড তুলে দেন। পরে একে একে অন্য খেলোয়াড়েরা প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজেদের কার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফ্যান। নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।