এখন থেকে পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও চাঞ্চল্যকর সব হত্যা মামলার তদন্ত এবং এর গতি-প্রকৃতির ওপর নজর রাখবে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে কমিটির সভাপতি আবদুস সালাম জানান, বৈঠকে এ সময়ের চাঞ্চল্যকর ১৩টি মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দুই সন্তানসহ ফারজানা আক্তার, শিশু সামিউল ও ইডেন কলেজের ছাত্রী মেনকা হত্যা মামলাও ছিল। কমিটি দ্রুত এসব মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার জন্য পুলিশ বিভাগকে বলেছে।আবদুস সালাম বলেন, এখন থেকে সব ধরনের চাঞ্চল্যকর মামলাই কমিটি পর্যবেক্ষণ করবে। মামলার তদন্তের গতি-প্রকৃতিকে কেউ যাতে প্রভাবিত করতে না পারে, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অনেকেই স্বেচ্ছায় অন্যের সঙ্গে চলে যায়। সেটাকে অপহরণ হিসেবে বিবেচনা না করা এবং এ সংক্রান্ত আইনের সাজা কমানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।সূত্র আরও জানিয়েছে, বৈঠকে ঢাকা-৪ এলাকায় ২১ আগস্ট পুলিশের ওপেন হাউস ডে পালন করায় অসন্তোষ প্রকাশ করা হয়। এই দিবস পালন উদ্দেশ্যপ্রণোদিত ছিল কি না তা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।সভায় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসমুল হক, হুইপ মির্জা আজম, হাবিবুর রহমান, নুরুল ইসলাম, সানজিদা খানম ও সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।