তদন্ত এক বছরেও শেষ হয়নি, বিচার নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে চারবার। এতে নিহত মিজানের পরিবার প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে। মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ অক্টোবর রাতে নতিপোতা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান হোগলডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে খুন হন। পরদিন তাঁর স্ত্রী ডলি রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় অজ্ঞাত সন্ত্রাসীদের নামে হত্যা মামলা করেন। খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দামুড়হুদা থানার পুলিশ রবিউল ইসলাম (৪০) নামের একজনকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে। পরে রবিউলের স্বীকারোক্তি অনুযায়ী নতিপোতা ইউনিয়নের বাসিন্দা রোকনুজ্জামান, মাসুদ রানা, শহিদুল ইসলাম, আবদুল হান্নান, জমির উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। রবিউল ছাড়া বাকি ছয়জন বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন। হত্যা মামলা হওয়ার পর এই ঘটনা তদন্তের জন্য প্রথমে পুলিশের চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়। পরে বদলিজনিত কারণে একে একে আরও দুজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ দায়িত্ব পেয়েছেন একই শাখার উপপরিদর্শক জিয়াউর রহমান। জিয়াউর রহমান জানান, তদন্তে যাঁদের নাম এসেছে, তাঁদের অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের কাজও প্রায় শেষের দিকে। মিজানের স্ত্রী ডলি রহমান জানান, খুনের ঘটনার পর বেশ কয়েকজন জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের নেতারা বাড়িতে এসে খুনিদের বিচার নিশ্চিত করার বিষয়ে সহায়তা ও পরিবারের খোঁজ-খবর নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কেউই কথা রাখেননি। তিনি আরও বলেন, ‘মামলার ভবিষ্যৎও ভালো দেখছি না। অপরাধীরা শাস্তি পাবে কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে।’পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তাকে তিনি ব্যক্তিগতভাবে পরামর্শ ও সহায়তা দিচ্ছেন। শিগগিরই তদন্ত শেষ হবে এবং দোষীদের বিচার হবে।