তদন্ত ও বিচারে সরকারের ওপর আর আস্থা রাখা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রবীণ ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে সরকারের প্রতি আর আস্থা রাখা যাচ্ছে না। এখন পেশাদারির খাতিরে বিভিন্ন গণমাধ্যম এককভাবে বা অনেকে একসঙ্গে হয়ে অনুসন্ধানী সেল গঠন করে তদন্ত করার সময় এসেছে।গত বছরের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাগর-রুনির লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং এক বছরেও এ হত্যাকাণ্ডের সুরাহা না হওয়ায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার সাগর-রুনির পরিবার ও বন্ধুদের আয়োজিত ‘সাগর-রুনির জন্য আমরা’ শীর্ষক আলোচনা সভায় এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি ব্যানারে লেখা ছিল—‘মেঘের কাছে আমাদের অঙ্গীকার, সাগর-রুনির হত্যার ন্যায়বিচার’। আলোচকদের সবার বক্তব্যে এ কথাই প্রাধান্য পায়। ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে মেঘের জন্য একটি তহবিল গঠনের দাবি ওঠে। প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না করে সরকার, তদন্ত সংস্থা এবং সাংবাদিক সমাজ—এই তিনটি মহল নাটক করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা শুনে আন্দোলনকারী সাংবাদিক নেতারা কেন চুপ করে যান, সে প্রশ্নও তোলেন তিনি।সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বলেন, দিনের পর দিন যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বদল ঘটেছে, কিন্তু শুনতে হচ্ছে একই কথা। তথাকথিত গোয়েন্দাদের ওপর আর নির্ভর করা চলবে না। নিজেদেরই তদন্ত দল বা সেল গঠন করে মাঠে নামতে হবে।মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে ব্যর্থতার জন্য শুধু সরকার নয়, আসামির কাঠগড়ায় আমরাও আছি। সাংবাদিক নেতারা যেসব কর্মসূচি নিচ্ছেন তা যথার্থ কি না, তা-ও ভেবে দেখতে হবে। খোলাসা করে বললে বলতে হয় আমরা আপস করেছি।’বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, একটি সভ্য দেশের সূচকের মধ্যে দেশটির অপরাধীরা অপরাধ করেও পার পেয়ে যায় কি না, তা অন্যতম। সাংবাদিক না হয়ে সাধারণ মানুষ হলেও এত দিনে সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়া উচিত ছিল।সাগরের মা সালেহা মনির বলেন, ‘মেঘকে দেখবেন বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজই নেননি। এ ঘটনার বিচারে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অন্যরা বলে দিক—২৪ বা ৪৮ ঘণ্টা, সাল, বছর না কত যুগ লাগবে।’ রুনির মা মির্জা নুরুন নাহার সভায় উপস্থিত থাকলেও অসুস্থতার জন্য কথা বলেননি। অন্যদিকে মেঘ উপস্থিত থাকলেও সে তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত ছিল। সভায় সাংবাদিকদের মধ্যে আবেদ খান, সোহরাব হাসান, শাহ আলমগীর, মোজাম্মেল হক, কাশেম হুমায়ুন, মাঈনুল আলম, সাজ্জাদ আলম খান, রাশেদ আহমেদ, সাখাওয়াত হোসেন, শাহানাজ বেগম, নাজমুল হোসেন, জহুরুল আলম, শেখ মামুন, শফিক শাহীন প্রমুখ আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী।