চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষের গঠিত তদন্ত এবং লিয়াজোঁ কমিটি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। তারা নতুন করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানায়। এদিকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহত মোজাহিদুল ইসলামের পরিবার।শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নছরুল কদির প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষ ও ছাত্র খুনের ঘটনায় জড়িতদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সিন্ডিকেট। আর সিন্ডিকেট সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত নিরপেক্ষ হবে না। লিয়াজোঁ কমিটিতে সদস্যদের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। তাই আমরা কমিটি দুটি প্রত্যাখ্যান করছি।’গতকাল শনিবার দুপুরে সাদা দলের এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে। সাদা দলের আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে গত বুধবারের সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে ‘সাদা দল’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার দুপুরে মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে শুরু হওয়া মৌন মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সাদা দলের আহ্বায়ক অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আ ন ম মুনীর আহমদ, অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী, অধ্যাপক হাসান মোহাম্মদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আতিকুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নছরুল কদির প্রমুখ।সমাবেশে বক্তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। মোজাহিদের পরিবারের সংবাদ সম্মেলন: চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোজাহিদের বাবা মুহাম্মদ হুমায়ুন কবির। তিনি অভিযোগ করেন, হাটহাজারী থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তাঁর মামলা নেননি। বরং তাঁকে নানাভাবে হুমকি-ধমকি দিয়েছেন। তিনি খুনিদের গ্রেপ্তার করে তাঁদের শাস্তি দেওয়ার দাবি জানান। মোজাহিদুল ইসলাম ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে হুমায়ুন কবির দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোজাহিদের চাচা রবিউল হোসেন, আজিজ মীর শাহাদাত ও মামাতো ভাই ইকবাল হোসেন।