প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতীপুর রেলস্টেশনের ইঞ্জিন ছাউনি (লোকোশেড) এলাকায় রেল ইঞ্জিনের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ঘে দুটি রেল ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার তদন্ত কমিটি গঠিত হয়েছে। পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠিত হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী প্রকৌশলী সৈয়দ জয়নাল আবেদীন ও সহকারী প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে লোকোশেড থেকে দুটি মিটার গেজ ইঞ্জিন বেরিয়ে সান্টিং কাজে ব্যস্ত থাকার সময় পার্বতীপুর ওয়েল হেড ডিপো থেকে একটি খালি তেলবাহী গাড়ি ইঞ্জিন দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন দুটি লাইনচ্যুত হয় ও রেলের সংযোগস্থল দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই পথে ইঞ্জিন আনা-নেওয়া ১২ ঘণ্টা বন্ধ থাকে।