তদন্ত কমিটি কালিয়াকৈরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে জাল দলিলের মাধ্যমে জমি দখলে নেওয়ার ঘটনায় আইন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি গতকাল সোমবার সরেজমিনে তদন্ত করেছে। কমিটি উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে জাল দলিলগুলো পরীক্ষা করে দেখার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী ব্যক্তিদের লিখিত অভিযোগ ও সাক্ষ্য নেয়।কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের সাতটি মৌজায় শতাধিক ব্যক্তির প্রায় ৫০০ বিঘা জমি জাল দলিলের মাধ্যমে নিয়ে নেয় স্থানীয় একটি আবাসন প্রতিষ্ঠান। এ অভিযোগে ‘রাজ হাউজিং লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও হয়। এ নিয়ে ৮ নভেম্বর প্রথম আলোয় ‘৫০০ বিঘা জমির জাল দলিল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ৯ নভেম্বর আইন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।মন্ত্রণালয়ের উপসচিব অরূপ কুমার গোস্বামীকে নিয়ে এক সদস্যবিশিষ্ট এ কমিটি করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয় গাজীপুর জেলা প্রশাসনকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল সকালে কালিয়াকৈর পৌঁছান আইন মন্ত্রণালয়ের উপসচিব অরূপ কুমার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন একই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জহিরুল কবীর ও মো. শাহ আলম। তাঁরা সকাল ১০টার দিকে উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয় পরিদর্শনে গিয়ে জাল দলিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। পরে তাঁরা উপজেলা পরিষদ মিলনায়তনে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন।বৈঠকে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ও আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আলীমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ভুক্তভোগী ব্যক্তিদের লিখিত জবানবন্দি এবং সবার দাবি লিখিতভাবে নেওয়া হয়। মেয়র মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রামবাসী কোনো ঝামেলায় যেতে চান না। তাঁরা ঝামেলায় যাবেনও না। তদন্ত কর্মকর্তার কাছে দাবি জানানো হয়েছে, জালিয়াতির মাধ্যমে যেসব দলিল হয়েছে, তা দ্রুত বাতিল করতে হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। উপসচিব অরূপ কুমার বলেন, সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শন করা হয়েছে এবং এলাকাবাসীর লিখিত অভিযোগ নেওয়া শেষ হয়েছে। কমিটি গঠনের দিন থেকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, জমির দলিল জালিয়াতির ঘটনায় থানায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। মামলার মূল আসামি খান টিপু সুলতান, ওয়াহিদুর রহমান, বরকত উল্লাহ খানসহ অন্যরা পলাতক। তাঁদের ধরার চেষ্টা চলছে।