তদন্ত কমিটি কি কেবলই লোক দেখানো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৬ সাল থেকে চলতি বছরের মে পর্যন্ত প্রায় ৪০ বছরে ৭২৭টি লঞ্চ দুর্ঘটনায় প্রায় ৫০০ তদন্ত প্রতিবেদন হয়েছে। এগুলোর মধ্যে তদন্ত কমিটির সুপারিশ সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে—এমন নজির নেই। নৌপরিবহন মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর দায়িত্বশীল সূত্র ও বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিবেদন থেকে এই তথ্য মেলে। এসব দুর্ঘটনাকবলিত নৌযানগুলোর মধ্যে এক-চতুর্থাংশ লঞ্চেরই উপযুক্ত ফিটনেস নেই।
অন্য এক পরিসংখানে দেখা গেছে, ৭২৭টি নৌ-দুর্ঘটনায় প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারালেও চলাচলকারী লঞ্চগুলোর প্রায় ৫০ শতাংশেরই কোনো নিবন্ধন নেই। এ ছাড়া সমুদ্র পরিবহন অধিদপ্তরের হিসাবে, ঢাকার নদীবন্দর থেকে চার হাজার ৫০০ যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযানের মধ্যে ফিটনেস পরীক্ষা করা হয়েছে মাত্র ৭৮২টির। প্রাথমিক জরিপও করা হয়নি দুই হাজার ৭৭টি নৌযানের। যে নৌযানগুলোর ফিটনেস পরীক্ষা করা হয়েছে, সেগুলোর ১০৭টি ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন প্রকৌশলীরা। হাওর অঞ্চলের ক্ষেত্রে এই অবস্থা আরও ভয়ানক। এখানে চলাচলকারী প্রায় এক হাজার লঞ্চের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির। এ রকম পরিস্থিতিতে নৌ-দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আর দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন এখন একটি ফ্যাশনে রূপ নিয়েছে। মাঝেমধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নামমাত্র জরিমানা করা হলেও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি।
২০০৩ সালে এমভি নাসরিন দুর্ঘটনায় আট শতাধিক যাত্রীর প্রাণহানি হয়। তদন্ত কমিটি সমুদ্র পরিবহন অধিদপ্তরের অভিযুক্ত ব্যক্তিকে চাকরিচ্যুত করা এবং মালিকের লঞ্চটির নিবন্ধন বাতিলের সুপারিশ করেছিল। কিন্তু সুপারিশ মানা হয়নি।
চলতি বছর যে কয়টি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে, প্রতিটিরই একাধিক তদন্ত কমিটি হয়েছে। কিন্তু সবগুলো আলোর মুখ দেখেনি। গত ৩ মে পটুয়াখালীর গলাচিপায় ‘এমভি শাথিল’ লঞ্চ ডুবে যাওয়ার পর দ্রুত দুটি তদন্ত কমিটি করা হয়। কোনোটিই জনসমক্ষে আসেনি।
১৫ মে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়া এমভি মিরাজ দুর্ঘটনার পর গঠিত তিনটি কমিটির একটির মাত্র জনসমক্ষে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য লঞ্চের নির্মাণত্রুটি, চালকের অদক্ষতা, অতিরিক্ত যাত্রী ও পণ্যবোঝাই প্রভৃতি কারণ দেখানো হয়। কিন্তু এর আলোকে পরবর্তী সময়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত বছর ১১টি দুর্ঘটনায় ৫০ জন মারা যায়। এর আগে ২০১২ সালে মেঘনায় এমভি শরীয়তপুর ডুবে গেলে দেড় শরও বেশি যাত্রী মারা যায়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী কারও শাস্তি হয়নি। এ-সংক্রান্ত ফাইল সমুদ্র পরিবহন অধিদপ্তরের নৌ-আদালতে পড়ে আছে বলে দায়িত্বশীল সূত্র জানায়।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান নটিক্যাল সার্ভেয়ার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় চার দশকে যেসব লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে তার ৭০ শতাংশই সঠিক নকশায় তৈরি করা ছিল না। তদন্ত প্রতিবেদনে এগুলোর বিরুদ্ধে শাস্তির সুপারিশ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি দুর্ঘটনাকবলিত লঞ্চের নাম পরিবর্তন করে আবার নদীতে নামানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, দুর্ঘটনার পর যে প্রতিবেদনগুলো প্রকাশ পায় সেগুলোর সুপারিশ অনুযায়ী কিছু ক্ষেত্রে মালিক-মাস্টার-চালকদের শাস্তি হলেও সমুদ্র পরিবহন অধিদপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়ী ব্যক্তিদের শাস্তি হয়নি। যদি কারও লঘু শাস্তিও হয়, তাঁরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসেন। ২০০২ সালে এমভি সালাউদ্দিন-২-এর দুর্ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির শাস্তি সংক্রান্ত ফাইল গায়েব হয়ে যায়। দুর্ঘটনাকবলিত লঞ্চের মালিকের শাস্তি সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা। খুব সহজে ওই টাকা দিয়ে ছাড় পেয়ে যান মালিক। ত্রুটিপূর্ণ নৌযান ত্রুটি নিয়েই আবার নদীতে নামে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি এ পর্যন্ত ১০টির মতো তদন্ত কমিটিতে ছিলেন। সুপারিশ বাস্তবায়নের পরিবর্তে বছরের পর বছর মামলানাধীন থেকেছে। এ ছাড়া তদন্ত করতে গিয়ে রাজনীতিবিদ ও প্রভাবশালীদের চাপের মুখে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যেতে হয়েছে বলে জানান তিনি।
চারটি বড় লঞ্চ দুর্ঘটনার তদন্ত কমিটির সদস্যসচিব ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক পরিচালক সৈয়দ মনোয়ার হোসেন। দুঃখ ও ক্ষোভের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলোয় যে দণ্ডের কথা বলা হয়েছিল, সেগুলো প্রয়োগ হয়নি। ছোটখাটো শাস্তি হয়েছে। যেগুলো একধরনের ‘আইওয়াশ’। তাঁদের করা দুটি প্রতিবেদন জনসমক্ষে প্রকাশই হয়নি। দায়ী ব্যক্তিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। কিন্তু সর্বনিম্ন শাস্তি হিসেবে কেবল ‘তিরস্কর’ করে তাঁদের স্বস্থানে বহাল রাখা হয়েছে।
যোগাযোগ করা হলে নৌমন্ত্রী মো. শাজাহান খান প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না, এটা পুরোপুরি সত্য নয়। এ বছরই তিনি নিজে সাংবাদিকদের সামনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। কিছু কিছু সুপারিশ বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, ত্রুটিযুক্ত নৌযানগুলোকে ত্রুটিমুক্ত করার জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।