তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র শুরু থেকেই ‘ফাঁস’ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারও বিষয়টি আমলে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। এতে বলা হয়, কোমলমতি শিশুদের ভবিষ্যত্-সংক্রান্ত বিষয়টি মন্ত্রণালয়ের সর্বোচ্চ বিবেচনায় রয়েছে। ২০ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। কিন্তু শুরুর দিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। ওই দিন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিনাজপুরে একটি কোচিং সেন্টারের পরিচালক ও সাতক্ষীরায় চার তরুণকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। এমনকি আজ রোববার অনুষ্ঠেয় ইংরেজির বিষয়ের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে সদ্য শেষ হওয়া অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ খতিয়ে দেখার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন উপপরিচালককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে এখনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম।