নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় লেগুনাকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মাহবুব আলমকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়।
রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মজিবর রহমান বলেন, কমিটি গঠনের পাশাপাশি অবৈধ রেলক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে।
গত সোমবার রাতে পাগলা এলাকায় ট্রেনের ধাক্কায় লেগুনার পাঁচ যাত্রী নিহত হন। এর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রণজিৎ দাস (৩০), শাহজালাল (৩০), মারিয়া বেগম (৩০) ও সিদ্দিকুর রহমান (৪৫)। ওই ঘটনায় আহত হন আরও নয়জন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহত রণজিতের ছোট ভাই ইন্দ্রজিৎ দাস বলেন, তাঁদের গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জের কুতুবপুর গ্রামে। তাঁর ভাই ফতুল্লায় থাকতেন এবং পাগলা ঘাটের শ্রমিক ছিলেন। বাবুবাজার থেকে সিমেন্ট নিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহত শাহজালালের বাড়ি কুমিল্লার তিতাস থানার বলরামপুর গ্রামে। শাহজালালের লাশ শনাক্ত করেন তাঁর স্ত্রী হাসিনা বেগম। তিনি বলেন, তাঁরা পাগলার রসুলপুরে থাকেন। তাঁর স্বামী যাত্রাবাড়ীতে সোনার দোকানে কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার শিকার লেগুনাটিকে রাতের আঁধারে কে বা কারা সরিয়ে ফেলেছে। নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কুদ্দুস মিয়া বলেন, লেগুনাটি পোস্তগোলা থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পাগলা রসুলপুর এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।