তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখের আগের রাতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর চাঁদাবাজি এবং এ খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির বাকি দুজন সদস্য হলেন সহকারী প্রক্টর মফিজুর রহমান ও রবিউল ইসলাম। কমিটি কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেবে, এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ‘যেহেতু আমি নিজে আহ্বায়ক রয়েছি, তাই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করিনি। তবে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।’পয়লা বৈশাখের নামে গত শনিবার রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করেন সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। চাঁদাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের পাঁচজন সংবাদকর্মী ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার শিকার হন। এ ঘটনায় ১১ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হল শাখা। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।