তদন্ত কমিটি গঠন কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন উল্টে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি দুর্ঘটনার সময় স্টেশনমাস্টারের দায়িত্বে থাকা মো. শাহজাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন উল্টে বাবুল মিয়া (৪৫) নামের একজন নিহত হন। বাবুল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার কান্দাপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় একই উপজেলার রহিমাবাদ এলাকার সোহাগ মিয়া (২০) নামের একজনের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। সোহাগ মিয়া রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি রয়েছেন।
নরসিংদী রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলীর (পথ) কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে নতুন নির্মিত টঙ্গী-ভৈরব দ্বৈত লাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়। এ কারণে বর্তমানে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাঞ্চলীয় জোনের সব ট্রেন নতুন লাইন দিয়ে চলাচল করছে। শুক্রবার দুপুর ১২টার দিকে রেলওয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন নতুন লাইন ও নরসিংদী স্টেশন পরিদর্শন করেন। রাত সাড়ে আটটার দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন নরসিংদীতে পাঁচ মিনিট যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি নতুন লাইন দিয়ে স্টেশনের হোম সিগন্যালের ৪ নম্বর লাইন থেকে ৩ নম্বর লাইনে যাওয়ার সময় এটির ইঞ্জিন উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া মারা যান।
ওই রাতেই রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি দুর্ঘটনার সময় স্টেশনমাস্টারের দায়িত্বে থাকা মো. শাহজাহানকে সাময়িক বরখাস্ত করা হয়।