লালমনিরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড সংরক্ষণ উপকেন্দ্রের ট্রান্সফরমার পুড়ে গত মঙ্গলবার বেলা দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পুরো জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত দল গতকাল বুধবার থেকে তদন্ত শুরু করে।
তদন্ত দলের প্রধান হচ্ছেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আমিনুর রহমান। সদস্যরা হলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, লালমনিরহাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আমজাদ হোসেন এবং লালমনিরহাট সিভিল ডিফেন্স ও ফায়ার ব্রিগেডের উপসহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, ‘তিন কর্মদিবসের মধ্যে চার সদস্যের এ তদন্ত দলকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল বুধবার সকালে তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান এবং রংপুর গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ্জাহান আলী বলেন, ‘গত মঙ্গলবার ট্রান্সফরমার পুড়ে কয়েক ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্নের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত তদন্ত দল আমাদের সঙ্গে কথা বলে গেছে।’ এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, গতকাল বুধবার প্রথম আলোর ‘বিশাল বাংলায়’ ‘লালমনিরহাটে ট্রান্সফরমার পুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।