নিষেধাজ্ঞা অমান্য করে মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমাছড়া ও সুনারায়ছড়া বাঁশমহাল থেকে অবাধে বাঁশ কেটে নেওয়ার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা।
বাঁশের বংশবিস্তারের জন্য ১৬ জুন থেকে ১৫ আগস্ট বাঁশ কাটা ও পরিবহনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে ওই দুটি বাঁশমহালের ইজারাদারেরা বাঁশ কাটা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত ২৯ জুলাই প্রথম আলোতে ‘নিষেধাজ্ঞা অমান্য করে বাঁশ কাটার অভিযোগ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ওই অভিযোগ তদন্তের নির্দেশ দেন।
শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষকের কার্যালয় থেকে জানা গেছে, ওই প্রতিবেদন প্রকাশের পর সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল বশর মিঞা শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক মো. সাজ্জাদুজ্জামানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে যত দ্রুত সময়ে সম্ভব প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।