তদন্ত কমিটি গঠন, বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই কমিটি গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন ও গ্রাহকদের সঙ্গে কথা বলেছে। আর সহিংস আন্দোলনের এক দিন পরই রায়পুরে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
রায়পুর পল্লী বিদ্যুতের কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবার আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা কার্যালয়ের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছিলেন। কিন্তু প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বিদ্যুৎ নিয়ে মানুষের ক্ষোভের বিষয়টিও সঠিকভাবে অনুধাবন করতে পারেনি।
তবে রায়পুর থানার পুলিশের দাবি, ঈদের ছুটির কারণে থানায় ২০ জন পুলিশ ছিল। থানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুজন কর্মকর্তাসহ আটজন। বৃহস্পতিবার রাতে বাকি পুলিশ সদস্যরা সড়কের অবরোধ সরাতে যান। এ জন্য ঘটনার সময় বিদ্যুতের কার্যালয়ে পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি।
এদিকে তদন্ত কমিটির প্রধান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক শাহনেওয়াজ খানসহ কমিটির অন্য দুই সদস্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মতিউর রহমান ও নোয়াখালী পিডিবির নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেন।
গ্রাহক শামছুল আলম ও আজম ভূঁইয়া জানান, রায়পুরে মাত্রাতিরিক্ত লোডশেডিং থাকার বিষয়টি তদন্তকারী কর্মকর্তাদের তাঁরা জানিয়েছেন। লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে—এ বিষয়টি কর্মকর্তাদের জানানো হয়েছে।
বিদ্যুতের দাবিতে সহিংস আন্দোলনের এক দিন পরই রায়পুরে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ১৫ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক শাহনেওয়াজ খান প্রথম আলোকে বলেন, ‘পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদন করে না। সরকারের বিভিন্ন সংস্থা থেকে বিদ্যুৎ নিয়ে গ্রাহদের মাঝে সরবরাহ করে। লোডশেডিং ও লো-ভোল্টেজ নিয়ে পিডিবির কর্মকর্তাদের সঙ্গে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের কার্যালয়ে বৈঠক করেছি।’ তিনি বলেন, রায়পুর ও রামগঞ্জে সাবস্টেশন হলে লোডশেডিং অনেক কমে যাবে।
এদিকে গতকাল পুলিশ পুড়ে যাওয়া গাড়িসহ বিভিন্ন মালের আলামত জব্দ করে। পরে জব্দকৃত মালামাল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল হক আখন্দ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যুতের কার্যালয় এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, ‘লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পৌরসভার পানির ট্যাংকে পানি ওঠানো যায় না। গ্রাহকদের ঠিকমতো পানি সরবরাহ করতে পারি না। এ জন্য গ্রাহকেরা সব সময় গালমন্দ করেন।’
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র নাশকতা করছে।
মঙ্গলবার থেকে বিদ্যুতের দাবিতে আন্দোলন শুরু হয় রায়পুরে। বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে রাখা একটি পিকআপ ও কার্যালয়ের ভেতরে রাখা ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেন ক্ষুব্ধ লোকজন।