তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
একই সঙ্গে এই কেনাকাটার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তকালীন যেন তাঁরা এ-সংক্রান্ত কোনো কাগজপত্র মন্ত্রণালয় থেকে সরাতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে করা তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত দোষী কর্মকর্তা, সরবরাহকারী প্রতিষ্ঠানসহ সবার অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত রোববার প্রথম আলোতে ‘ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননার সময় দেওয়া ক্রেস্টে এক ভরি স্বর্ণের জায়গায় দেওয়া হয় সোয়া তিন আনা স্বর্ণ (বিএসটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী)। আর ক্রেস্টে ৩০ ভরি রুপার বদলে দেওয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে একটি বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এসব সিদ্ধান্তের কথা জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, ক্রেস্টে সোনা কম দেওয়ার বিষয়টি তদন্ত করার সুবিধার্থে সব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হবে। তা ছাড়া এ মন্ত্রণালয় থেকে কিছু কর্মকর্তাকে বদলি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তার বিরুদ্ধে অসততা, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি মন্ত্রণালয়ে না থেকে থাকেন, অবসরে গিয়ে থাকেন বা চাকরি চলে গিয়ে থাকে, তাঁদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন স্পর্শকাতর বিষয়, যেখানে দেশের ভাবমূর্তি জড়িত, যেখানে মুক্তিযুদ্ধ জড়িত, সে বিষয়ে এই অনিয়ম অবিশ্বাস্য।
এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘ক্রেস্ট তৈরির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের কাজ ছিল না। তাই এ বিষয়টি তাঁর বলার বিষয় নয়।’ তিনি বলেন, ‘প্রতিটি কাজের একটি বিভাজন থাকে। আমাদের কাজ ছিল সাইটেশন ও দাওয়াত কার্ড তৈরি করা এবং আসন বিন্যাস করা। কিছু কাজ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই কে কী করেছে, সেটা আমার বলার বিষয় নয়।’
মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নিলে ওএসডি: চাকরির মেয়াদ বাড়াতে ভুল ব্যাখ্যা ও মিথ্যা তথ্য দিয়ে যে কয়েকজন সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, তাঁদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, প্রায় প্রতিদিনই ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ আসছে। তদন্তে প্রমাণিতও হচ্ছে।
‘চাকরির শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে গত ২৩ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে অন্তত চারজন সচিব, একজন যুগ্ম সচিবের বিরুদ্ধেও শেষ সময়ে সনদ নেওয়ার তথ্য ছিল।
সম্প্রতি ৩৯ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়।
সচিবদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সচিবদের মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার বিষয়টি তদন্তাধীন আছে। প্রতিবেদন পেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাঁদের সনদ বাতিলের বিষয়টি দেখবে। আর এসব কর্মকর্তাকে ওএসডি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।