তদন্ত কমিটি চেয়ে রাষ্ট্রপতিকে উপাচার্যের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশের চলমান আন্দোলনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত কমিটি করতে আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে অনুরোধ জানিয়েছেন উপাচার্য আনোয়ার হোসেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পাঠানো এক জরুরি ফ্যাক্স বার্তায় তিনি এ অনুরোধ জানান।

এ ব্যাপারে আজ দুপুরে আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাষ্ট্রপতি যদি কোনো তদন্ত কমিটি করেন এবং আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সত্যতা পায়, তবে আমি পদত্যাগ করব। আমার পদত্যাগ যদি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যায় কোনো সমাধান আনত, তবে পদত্যাগ করতাম। এখন পর্যন্ত পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবন অবরোধ শুরু করে। আজ বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন।পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকেরা। উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার বিচার না হওয়াসহ মোট ১২ দফা দাবিতে তাঁরা এ আন্দোলন করছেন।

গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে ‘অনাকাঙ্ক্ষিত’ বক্তব্য প্রদান, গত বছরের ১ ও ২ আগস্ট সন্ত্রাসী হামলা এবং ১২ ফেব্রুয়ারি একজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ঘটা ভাঙচুরের বিচার না হওয়াসহ ১২টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবি করে শিক্ষক সমিতি। দাবি বাস্তবায়নে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ শুরু করেন তাঁরা। প্রশাসনিক ভবন অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থার সমাধান চেয়ে ৭ জুলাই হাইকোর্টে রিট করেন বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষকসহ একজন শিক্ষার্থী। ২৪ জুলাই হাইকোর্ট প্রশাসনিক ভবন সচল করার নির্দেশ দিয়ে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেন। এরপর থেকে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে।

শিক্ষক মঞ্চের সংবাদ সম্মেলন:
উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে অযৌক্তিক ও অনৈতিক বলে আখ্যায়িত করেছেবিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চ। তারা এই আন্দোলনকে ক্ষমতার লড়াই বলে অভিহিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে এ মঞ্চের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইন। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য আচার্যের কাছে খোলা চিঠি লিখবেন বলেও জানিয়েছেন প্রগতিশীল শিক্ষকেরা।

চলমান আন্দোলনের বেশিরভাগ দাবিকেই বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করে নাসিম আখতার হোসাইন বলেন, দাবি পূরণে উপাচার্যকে তিন সময় বেঁধে দেওয়া যেত। কিন্তু যথেষ্ট সময় না দিয়ে সরাসরি উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়েছে।