তদন্ত কমিটি পুনর্গঠনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে সাম্প্রতিক ধসের ঘটনা তদন্তে গঠিত কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলা হয়, বিএনপি মনে করে, বর্তমান তদন্ত কমিটির পক্ষে নিরপেক্ষ ও প্রকৃত ঘটনা উন্মোচন করা সম্ভব হবে না।রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘সমন্বয়হীনতা এবং অনৈতিক যোগসাজশের আবর্তে শেয়ার মার্কেট’ শীর্ষক এই সংবাদ সম্মেলন হয়।শেয়ারবাজারের সাম্প্রতিক ধস এবং এ ব্যাপারে সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে দলীয় অবস্থান তুলে ধরতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রকৃত ঘটনা উন্মোচন ও দায়ীদের খুঁজে বের করার মতো অভিজ্ঞতা নেই। এ ছাড়া ইব্রাহিম খালেদ একজন আওয়ামীপন্থী লোক। তাঁর পক্ষে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব হবে না। তাই অভিজ্ঞ ও নিরপেক্ষ লোক দিয়ে কমিটি গঠন করতে হবে। তিনি সুষ্ঠু তদন্তের জন্য অর্থমন্ত্রী, এসইসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ দাবি করে বলেন, শেয়ারবাজারের ঘটনায় তাঁরা রাষ্ট্রীয় অতিথি ভবনে যাঁদের সঙ্গে বৈঠক করেছেন তাঁদের অনেকেই শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত।এম কে আনোয়ার দাবি করেন, সরকার নিজ দলীয় ব্যবসায়ী ও আত্মীয়দের লুটপাট করার সুযোগ করে দিতে শেয়ারবাজারে এ ঘটনা ঘটিয়েছে। শেয়ারবাজারের ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির কেউ যদি শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।বিএনপির এই নেতা দাবি করেন, শেয়ারবাজার থেকে ৮৫ হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধসের ঘটনায় ৮৫ হাজার কোটি টাকার বাজার মূলধন কমেছে। তিনি বলেন, অর্থ লুট করতে সরকার প্রাইভেট প্লেসমেন্ট, ডাইরেক্ট লিস্টিং, বুকবিল্ডিং, প্রিমিয়াম প্রাইসিং, ইনসাইডার ট্রেডিংয়ের মতো সিদ্ধান্ত নিয়ে অর্থ লুটের দরজা খুলে দিয়েছে। বাণিজ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান কেপিসিএল এই প্রক্রিয়ায় প্রায় ৮৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রক্রিয়ায় যমুনা মোবিল ও এমআই সিমেন্টও অল্প সময়ে বিপুল মুনাফা অর্জন করে। ওসিএল ১১৪ কোটি টাকা তুলে নেয়। সংবাদ সম্মেলনে ইউনিপেটুইউর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াকে সরকারের উদাসীনতা বলে উল্লেখ করা হয়।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনার প্রমাণ ওই সময়ের আওয়ামী লীগ সরকার নষ্ট করেছে। এবার হয়তো তাঁরা তা করতে পারবে না। এই সরকার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে বিএনপি ক্ষমতায় এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান ও ওসমান ফারুক উপস্থিত ছিলেন।