তদন্ত কমিটিকে অসহযোগিতা করেও পদে বহাল পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত স্বাস্থ্য অধিদপ্তরের কমিটির আহ্বানে সাড়া দেননি তিনি। কমিটি প্রতিবেদনে লিখিতভাবে তাঁর ‘অসহযোগিতা ও কাগজপত্র দেখাতে অনীহার’ কথা উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য প্রশাসন বিব্রত। এর পরও তাঁকে পদ থেকে সরানো হচ্ছে না। অভিযোগ, দলীয় পরিচয়ই এর কারণ।আলোচ্য ব্যক্তি হচ্ছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মোল্লা ওবায়দুল্লাহ বাকী। হাসপাতালে কর্মচারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি, ইউজার ফির প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ এবং যন্ত্র কেনায় দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে গত ২৬ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি তদন্তে তাঁর কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেছে।নথিপত্রে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তর ২৯ সেপ্টেম্বর ক্যানসার হাসপাতালের পরিচালককে তদন্ত বিষয়ে চিঠি দেয়। চিঠিতে তাঁকে ২ অক্টোবর হাসপাতালের একটি কক্ষে কাগজপত্র ও সংশ্লিষ্ট লোকজন নিয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়। কমিটির ভাষ্যমতে, পরিচালক তাতে ‘অপারগতা প্রকাশ করেন’। কমিটি ১১ ও ১৫ অক্টোবর ওই হাসপাতালে যায়। এর তদন্ত প্রতিবেদনে লেখা হয়েছে, ‘নির্ধারিত তারিখে তদন্ত কমিটির চাহিত কাগজপত্র পাওয়া যায় নাই বা এ বিষয়ে পরিচালকের নিকট হইতে কোনো মতামত পাওয়া যায় নাই।’ মতামতে কমিটি লিখেছে, ‘পরিচালকের অসহযোগিতা এবং কাগজপত্র দেখাতে অনীহার কারণে দুর্নীতি হয়েছিল কি না, তা নির্ধারণ করা যায়নি।’ওবায়দুল্লাহ বাকী বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদের যুগ্ম আহ্বায়ক। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তাঁকে সহযোগী অধ্যাপক থেকে চলতি দায়িত্বে অধ্যাপক করে পরিচালকের পদে বসানো হয়। অন্য তিন অধ্যাপকই কর্মক্ষেত্রে পরিচালকের চেয়ে জ্যেষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের বাইরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভিন্ন রাজনৈতিক ধারার কাউকে এড়াতে ওবায়দুল্লাহ বাকীকে পরিচালক করা হয়।গতকাল মুঠোফোনে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওবায়দুল্লাহ বাকী এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। কাগজপত্র নিয়ে তাঁর কার্যালয়ে দেখা করতে চাইলে তিনি আগে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক কর্মকর্তা বলেন, ‘আমরা একটা তামাশার মধ্যে পড়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশকে পাত্তাই দিলেন না অধিদপ্তরের একজন কর্মকর্তা। অনেকে ঠাট্টা-বিদ্রূপ করছেন।’পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। দায়িত্ব এখন তাদের।’স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবির বলেন, ‘প্রতিবেদন দেখা হয়নি। দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এই প্রতিবেদককে বলেন, ওবায়দুল্লাহ বাকীকে পরিচালকের পদে বসানোর ব্যাপারে তিনি কিছুটা ভূমিকা রেখেছিলেন। উপদেষ্টা বলেন, ‘পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।আর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় সব বিষয় খতিয়ে দেখছে।