তদন্ত কমিটিতে চিকিৎসক না রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলায় হামের টিকা দেওয়ার পর তিন শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটিতে কোনো চিকিৎসক না রাখার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা: আমাদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শহীদ বলেন, হামের টিকা দেওয়ার পর তিন শিশুর মৃত্যু হয়েছে এমন খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এই ঘটনার অবশ্যই তদন্ত হওয়া দরকার। তবে তদন্ত কমিটিতে কোনো চিকিৎসক না রেখে দেশের বিশিষ্ট নাগরিকদের রাখার প্রস্তাব করেন তিনি।দেশের চিকিৎসাসেবার মান অনেক কমে গেছে সভায় এমন মন্তব্য করেন একাধিক আলোচক। কাজী শহীদ বলেন, ‘আমি পেশায় চিকিৎসক। পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে চিকিৎসকদের নেতৃত্বও দিয়েছি একসময়। কিন্তু হাসপাতালগুলোর অবস্থা দেখলে মনে হয়, রোগী হয়ে আমি ভর্তি হলেও সুচিকিৎসা পাব না, আর সাধারণ মানুষের কথা তো ভাবাই যায় না।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষক বুলবন ওসমান বলেন, দেশের মানুষের স্বাস্থ্য ভালো রাখতে হলে রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধের ওপর বেশি জোর দিতে হবে।পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি সোহরাব আলী, বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, সংগঠনের সহসভাপতি তারেক মেহেদী প্রমুখ।