তদন্ত কমিটির অনেক সুপারিশ ধামাচাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধপল্লিতে হামলার এক বছর
বৌদ্ধপল্লিতে হামলার এক বছর

টেকনাফের সমুদ্র উপকূলে মাছ ধরছিলেন ষাটোর্ধ্ব সুফিয়া খাতুন, সঙ্গে মেয়ে মজুবা খাতুন। দুজনই এসেছেন সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু শহরের নাইকংদিয়া গ্রাম থেকে।গতকাল সুফিয়ার সঙ্গে কথা বলে জানা গেল, গত ৭ আগস্ট পরিবারের আট সদস্যের সঙ্গে নৌকায় করে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন তাঁরা। পথে বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা ধাওয়া করলে পুরুষেরা নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়েন আর তাঁরা ভাসতে ভাসতে চলে যান শাহপরীর দ্বীপের বদরমোকাম চরে। সেখান থেকে সবার চোখ এড়িয়ে চলে আসেন টেকনাফের শামলাপুর বাজারের ঝাউবনে। এ বনে তাঁর মতো আরও ৩৫ হাজার রোহিঙ্গা আছে। সবারই জীবিকা সাগর থেকে মাছের পোনা ধরা।গত দুই দিনে কক্সবাজারের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজারের জনজীবনের প্রধান সমস্যা এখন রোহিঙ্গা। পাঁচ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছে। দিনে দিনে এ সংখ্যা বাড়ছে। কক্সবাজারের রামুতে গত বছরের ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৌদ্ধবিহার, মন্দির, বসতি ও দোকানপাটে হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম কমিটির প্রধান ছিলেন। কমিটির প্রতিবেদনে রোহিঙ্গা সমস্যার কথা তুলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। এ রকম ২২টি সুপারিশ বাস্তবায়নের জন্য পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কক্সবাজার জেলা পুলিশ ও জেলা প্রশাসককে লেখা চিঠিতে বলা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীরা যাতে ক্যাম্পের বাইরে অবস্থান করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

কিন্তু রামু ও কক্সবাজারের বিভিন্ন এলাকা ঘুরে বেশির ভাগ সুপারিশ বাস্তবায়নের কোনো লক্ষণ চোখে পড়েনি। অবশ্য গুঁড়িয়ে দেওয়া মন্দির ও বসতবাড়ি পুনর্নির্মাণের সুপারিশ সরকার বাস্তবায়ন করেছে।

জেলা পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৮৮ কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে ৯১ কিলোমিটার একেবারে উন্মুক্ত। এসব সীমান্ত দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করে। দুই সংস্থার দেওয়া তথ্যে দেখা গেছে, এ বছরের নয় মাসে পাঁচ হাজার ৪৭৫ জন রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়েছে। এদের আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। শুধু চলতি মাসেই আটকের পর ফেরত পাঠানো হয়েছে ৭৮৪ জনকে। আর এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কতজন দেশে ঢুকে পড়েছে, সে হিসাব কারও কাছে নেই।

জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গা এখন ‘লাভজনক ব্যবসায়’ পরিণত হয়েছে। বিদেশে রোহিঙ্গাদের পাচার করা হচ্ছে এবং সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড, ইয়াবাসহ মাদক সরবরাহে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা তাদের। কম মজুরিতে কাজ করে বলে কক্সবাজারের সর্বত্র রোহিঙ্গারা কাজ করার সুযোগ পাচ্ছে। সাগরে এখন যে লাখ লাখ মানুষ পোনা ধরে, তার একটি বড় অংশ রোহিঙ্গা। এসব কারণে একশ্রেণীর মানুষ রোহিঙ্গা আসার ব্যাপারে গোপনে উৎসাহ দিচ্ছে। তাদের সঙ্গে দুটি এনজিও জড়িত থাকার অভিযোগ আছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন রোহিঙ্গাদের অবৈধ অবস্থানের কথা স্বীকার করেন। প্রথম আলোকে তাঁরা বলেন, তাঁরা সাধ্যমতো এ সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় জড়িত মাদ্রাসাগুলোর এমপিওভুক্তি বাতিল করার সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য শিক্ষাসচিবকে চিঠি দেওয়া হয়। কমিটির প্রতিবেদনে রামুতে হামলার ঘটনায় একটি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সম্পৃক্ততার কথা বলা হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার সব উপজেলা ও ইউনিয়নে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি’ গঠন করতে বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুই জেলায় কর্মরত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে মাসে একবার সভা করতেও বলা হয়।

জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘আমরা নিয়মিত সভা করছি। সব উপজেলায় কমিটিও গঠন করা হয়েছে।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া এক চিঠিতে বলা হয়, এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র জানায়, প্রতিবেদনের ভিত্তিতে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক, টুইটার ও ইউটিউবে আপত্তিকর তথ্য যাতে আসতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রামুর ঘটনার মতো স্পর্শকাতর বিষয় এড়াতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের মহাপরিদর্শককে লেখা চিঠিতে বলা হয়, এ ঘটনায় দায়ের করা মামলা তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে।

চিঠির ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে মামলার তদন্ত তদারকির ব্যবস্থা করা হয়েছে। সব মামলা তদারক করা হচ্ছে।

কমিটির সুপারিশ অনুযায়ী, লুট হওয়া বুদ্ধমূর্তি উদ্ধারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়।

জানতে চাইলে সীমাবিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রথম আলোকে বলেন, মন্দিরে হামলার সময় শুধু সীমাবিহার থেকেই সাড়ে তিন শ বুদ্ধমূর্তি লুট হয়। অন্যান্য মন্দির থেকে লুট হয় আরও পাঁচ শতাধিক। কিন্তু এক বছরে র‌্যাব-পুলিশ উদ্ধার করেছে মাত্র ২৪টি মূর্তি। লুট হওয়া মূর্তির মধ্যে ছিল এক কেজি ওজনের একটি সোনার ও বিভিন্ন ওজনের ৬০টি রুপার মূর্তি।