তদন্ত কমিটির আগের প্রধানকেই দায়িত্ব পালনের আদেশ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান হিসেবে মো. শাহজাহান আলীই দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার কমিটির প্রধান হিসেবে মো. শাহজাহান আলীর পরিবর্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
গতকাল মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছিলেন, কমিটির আগের প্রধান মো. শাহজাহান আলী পদোন্নতি পেয়ে সরকারি কর্মকমিশনের সচিব হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে। ওই কর্মকর্তা বলেছিলেন, নতুন প্রধান নতুন করে কিছু করবেন না, তিনি শুধু আগের কমিটির কাজ পর্যালোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করবেন।
তবে আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই মামলায় গণতদন্তের জন্য একটি কমিশন ঠিক করা হয়েছিল। তার চেয়ারম্যান ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তখন দায়িত্বে ছিলেন মো. শাহজাহান আলী মোল্লা। ইদানীং তাঁকে পাবলিক সার্ভিস কমিশনে বদলি করা হয়। যেহেতু এ ঘটনায় আগাগোড়া তদন্তের সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং গণশুনানিতে অংশগ্রহণ করেছেন, সেহেতু আদালত নির্দেশ দিয়েছেন বাকি কাজটুকু তাঁকেই সম্পন্ন করতে হবে। প্রতিবেদন দেওয়া পর্যন্ত তিনি যেখানেই যান না কেন, তাঁকেই দায়িত্ব পালন করতে হবে।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই উপসচিব মো. আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের দুই উপসচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উপসচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার। আগের চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।