তদন্ত কমিটির ওপর অনাস্থা শিক্ষকদের
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করেছেন মাত্স্যবিজ্ঞান অনুষদের শিক্ষকেরা। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাঁরা এ অনাস্থা জ্ঞাপন করেন।
এদিকে, সায়াদ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে মামলা করা, দোষী ব্যক্তিদের বহিষ্কার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টার দিকে মাত্স্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, যে আশরাফুল হক হলের ২০৫ নম্বর কক্ষে সায়াদকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেই হলের প্রভোস্ট রফিকুল ইসলাম তদন্ত কমিটির একজন সদস্য। ছয় সদস্যবিশিষ্ট এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার নাথও রয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এ দুজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। ফলে তাঁদের উপস্থিতি তদন্তকাজকে ব্যাহত করতে পারে বলে সংবাদ সম্মেলনে সংশয় প্রকাশ করেন মাত্স্যবিজ্ঞান অনুষদের শিক্ষকেরা। তদন্ত কমিটি গঠনের পরই বিষয়টি উপাচার্য অধ্যাপক রফিকুল হককে অবহিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষকেরা হত্যাকারীদের অপ্রত্যাহারযোগ্য আজীবন বহিষ্কার ও বিচার, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আশরাফুল হক হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টাকে পদ থেকে অব্যাহতি, তদন্ত কমিটি থেকে আশরাফুল হক হলের প্রভোস্ট ও সহকারী প্রক্টরকে অপসারণসহ বেশ কিছু দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পড়েন মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইদ্রিস মিয়া ।
বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবেন শিক্ষার্থীরা
সায়াদ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে মামলা করা, দোষী ব্যক্তিদের আজীবন বহিষ্কার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ ষষ্ঠ দিনেও তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।
গত শনিবার উপাচার্য মো. রফিকুল হক সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে মঙ্গলবার রাতের (আগামীকাল) মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। উপাচার্যের আশ্বাসের পরও আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয় ’৭১-এর পাদদেশে সমবেত হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কাজী শাহনারা আহমেদ বলেন, ‘এর আগে কোনো আন্দোলনে ছাত্রীদের এমন অংশগ্রহণ দেখিনি। এ জন্য মেয়েদের আমি স্যালুট করি।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্যাথোলজি বিভাগের অধ্যাপক আবু হাদী নূর আলী আলী খান বলেন, ‘কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কোনো শিক্ষার্থী হত্যার বিচার হয়নি। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে শিক্ষকেরাও যোগ দেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় বিজয় ’৭১-এ এসে শেষ হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বিকেল সাড়ে চারটায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের ডাক দেন।
এদিকে সায়াদ হত্যার পরদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতিও আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা নেবেন না বলে জানায়।
শিক্ষার্থীরা জানান, গত ৩০ মার্চ চতুর্থ বর্ষের ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের একটি কোর্সের ক্লাস পরীক্ষাটি শিক্ষককে বলে পেছানোর জন্য সায়াদকে চাপ দিয়েছিলেন সুজয় ও রোকন। তাঁদের চাপে একপর্যায়ে তিনি পরীক্ষা হবে না বললেও পরীক্ষা হয় এবং মাত্র দুজন অংশ নেন। শিক্ষক আবার পরীক্ষা নিতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে সুজয়ের সঙ্গে সায়াদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে পরের দিন সন্ধ্যায় হলের ২০৫ নম্বর কক্ষে সায়াদকে ডেকে নিয়ে রড, লাঠি, হকিস্টিক দিয়ে নির্মমভাবে পেটানো হয়। পিটুনিতে সায়াদ বমি করেন ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ওই কক্ষে তখন সুজয়, রোকনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
ওই রাতে সায়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১ এপ্রিল বেলা ১১টার দিকে তিনি ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে মারা যান। কে বা কারা তাঁকে ট্রমা সেন্টারে নিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।