ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও নাজেহালের ঘটনা তদন্তে গঠিত কমিটির কাছে দ্বিতীয় দফায়ও যাননি সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার পুলিশ, ভোট গ্রহণ কর্মকর্তা, নির্বাহী হাকিম ও সাংবাদিকদের ‘মুখোমুখি’ শুনানি হওয়ার কথা থাকলেও সাংবাদিকেরা যাননি।
ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শুনানি হওয়ার কথা ছিল। এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য নির্বাচন কমিশনের উপসচিব আবদুল অদুদ সাংবাদিকদের বলেন, সাংবাদিকেরা শুনানিতে এলে প্রকৃত ঘটনার বিষয়ে দুই পক্ষের বক্তব্য যাচাইয়ের সুযোগ ছিল। এখন সত্য ঘটনা খুঁজে বের করা কঠিন হবে।
কয়েকজন সাংবাদিক জানান, তাঁরা আগেই তদন্ত কমিটির কাছে গিয়ে লিখিত ও মৌখিক বক্তব্য দিয়েছেন। এ জন্য আর দ্বিতীয় দফায় যাওয়ার প্রয়োজন মনে করেননি। এ ছাড়া ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা যেহেতু আগে থেকেই বিষয়টি অস্বীকার করে আসছেন, সেখানে মুখোমুখি হয়ে ‘ঝগড়া’ করার কোনো মানে হয় না। তদন্ত কমিটি আন্তরিক হলে প্রকৃত ঘটনা বের করতে পারবে।
নির্বাচন কমিশন গত ২৮ এপ্রিল ভোটের দিন সাংবাদিক প্রবেশে বাধা ও নাজেহালের ঘটনায় গত ৬ মে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিছুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে। এদিকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা এবং নাজেহালের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। তদন্তকাজ শেষ করে আগামী ৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।