তদন্ত কমিটির কাছে বক্তব্য দিলেন ৯ সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে না দেওয়া, হয়রানি ও তাঁদের ওপর হামলার বিবরণ তদন্ত কমিটিকে জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তাঁরা কমিটিকে কিছু তথ্যপ্রমাণও দিয়েছেন।
তদন্ত কমিটির চিঠি পেয়ে ভুক্তভোগী নয় সাংবাদিক গত মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কমিটির কাছে বক্তব্য তুলে ধরেন। অবশ্য হয়রানি ও হামলার শিকার আরও কয়েকজন সাংবাদিক এ দিন উপস্থিত ছিলেন না।
২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে সাংবাদিকদের হয়রানির ঘটনা তদন্তে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় একটি কমিটি করে। কমিটি প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের বক্তব্য নেয়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার কমিটির আহ্বায়ক ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিছুর রহমান, সদস্য ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. রেজাউল আলম ও সদস্যসচিব ইসির উপসচিব আবদুল অদুদ সাংবাদিকদের বক্তব্য শোনেন।
ভোটের দিন হামলার শিকার সমকাল-এর বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল কমিটিকে বলেন, ‘উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে যাঁর নেতৃত্বে হামলা হয়েছে, তিনি সুরুজ মেম্বার নামে পরিচিত। তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত। যাঁর নির্দেশে হামলা হয়েছে তিনি উত্তরা থানা আ. লীগের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম। এলাকাবাসী তাঁকে বিমানবন্দরের চোরাচালানি হিসেবে চেনেন।’
কমিটির কাছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজয় মহাজন জানান, শাহজাহানপুরে মাহবুব আলী ইনস্টিটিউট কেন্দ্রে তাঁর ওপর হামলা হয়। হামলাকারীরা তাঁর দুটি মুঠোফোন, পত্রিকার পরিচয়পত্র, নির্বাচন কমিশন থেকে দেওয়া পরিচয়পত্র এবং ডায়েরি ছিনিয়ে নেয়। বিষয়টি পুলিশের শীর্ষপর্যায়ে জানানোর পর মুঠোফোন দুটি উদ্ধার করে ওই রাতেই শাহজাহানপুর থানার পুলিশ তাঁকে বুঝিয়ে দেয়। যদিও মেমোরি কার্ড, ডায়েরি ও পরিচয়পত্র আর ফেরত পাওয়া যায়নি। ‘পুলিশ যদি মুঠোফোন উদ্ধার করতে পারে, তাহলে হামলাকারী কারা ছিল সেটিও পুলিশের অজানা থাকার কথা নয়।’ বলে প্রশ্ন রাখেন তিনি। তিনি আরও বলেন, হামলার বিষয়টি উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
যুগান্তর-এর স্টাফ রিপোর্টার ওবায়েদ অংশুমান বলেন, ‘আমার ওপর হামলার ছবি শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে ছাপা হয়েছে। হামলাকারীদের ছবিও তাতে ছিল। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারল না।’ তিনি বলেন, ‘তদন্ত কমিটির কাছে এসব বলে কী লাভ? তারপরও কমিটির ডাকে আমি সাড়া দিয়েছি এই আশায়—যদি ভবিষ্যতে এ ধরনের ঘটনা কিছুটা কমে।’ তদন্ত কমিটির কাছে আরও বক্তব্য দেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোশতাক আহমেদ, নিজস্ব প্রতিবেদক শুভংকর কর্মকার, মাহবুবুল হক ভূঁইয়া ও সামছুর রহমান, দৈনিক মানবকণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক এম মামুন হোসেন, সমকাল-এর নিজস্ব প্রতিবেদক জিলফুল মুরাদ।
তদন্ত কমিটির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, যাঁরা উপস্থিত হতে পারেননি তাঁরাও বক্তব্য দিতে চাইলে তাঁদের বক্তব্য শোনা হবে। তিনি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেওয়ার আশ্বাস দেন।