নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নানে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তদন্ত কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত হোসেন খানের নেতৃত্বে কমিটির সদস্যরা গতকাল ঘটনাস্থল রাজঘাটসহ লাঙ্গলবন্দের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। তাঁরা এলাকাবাসী, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।
এর আগে লাঙ্গলবন্দে জেলা পরিষদের ডাকবাংলোয় তদন্ত কমিটির সদস্যরা সভা করেন। সেখানে তাঁরা কোন বিষয়গুলো সামনে রেখে তদন্ত শুরু করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ইশরাত হোসেন খান জানান, কমিটি পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবে। তিনি বলেন, ‘আমরা মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ করব।’