ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদীর মোহনায় লঞ্চডুবির ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত বুধবার গভীর রাতে লঞ্চডুবির পর ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঠিকানা না পাওয়া তিনজনের লাশ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, গত শুক্রবার বিকেল থেকে তদন্ত কমিটিগুলো কাজ শুরু করেছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।লঞ্চডুবির ঘটনায় তিনটি তদন্ত কমিটি করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান প্রকৌশলী হাসান মাহমুদকে প্রধান করে তিন সদস্যের, নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম নাজমুল হককে প্রধান করে তিন সদস্যের ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবদুল মান্নানকে প্রধান করে সাত সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ৩৪টি মৃতদেহের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা (৩৫) ও এক বালকের পরিচয় পাওয়া যায়নি।