তদন্ত কমিটির কাজ শুরু, নূর হোসেনের সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে হত্যার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি কাজ শুরু করেছে৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটি নারায়ণগঞ্জে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে সাত হত্যার ঘটনায় কাউন্সিলর নূর হোসেনের এক সহযোগীর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চন্দন সরকার ও তাঁর গাড়ির চালককে হত্যার ঘটনায় তাঁর জামাতা বাদী হয়ে গত বুধবার রাতে অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ ছাড়া গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মাহাবুবুর রহমানসহ ৮৫ জন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে৷ এঁদের মধ্যে রয়েছেন ওসি ও পরিদর্শক (তদন্ত) ছয়জন এবং বাকি ৭৯ জন উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই)৷ তবে এসব স্থানে কর্মরত কনস্টেবলদের বদলি করা হয়নি৷ সাত খুনের মামলা তদন্ত করবেন ডিবির নতুন ওসি মামুনুর রশিদ৷
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ বদলির আদেশে স্বাক্ষর করেন৷ যোগাযোগ করা হলে রাতে তিনি প্রথম আলোকে বলেন, এ বদলি শাস্তিমূলক নয়৷ পরিবর্তন আনতেই এটা করা হয়েছে৷
এ সাত খুনের ঘটনায় এর আগে র্যাব-১১-এর পরিচালকসহ তিন কর্মকর্তা ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। বদলি করা হয় জেলা প্রশাসককে৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন গতকাল দুপুরে সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নূর হোসেনের সহযোগী শাহাজাহানের স্ত্রী মোমেনা বেগম, শ্যালক টিপু ও দেহরক্ষী মিন্টু। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাত খুনের মামলা তদন্তে যাকেই দরকার মনে হবে, তাকেই আটক ও জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যথেষ্ট অগ্রগতি আছে। তবে সুনির্দিষ্ট করে কিছু বলার সময় এখনো আসেনি।
গতকাল সকাল ১০টার দিকে পুলিশ সুপার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অপহরণের স্থান পরিদর্শন করেন। পরে তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শািন্তবাগ এলাকায় শীতলক্ষ্যা নদী পরিদর্শন করেন।
তদন্ত কমিটির পরিদর্শন: সাত খুনের মামলা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটির সদস্যরা গতকাল বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন৷ পরে তাঁরা অপহরণের স্থান ফতুল্লার শিবু মার্কেট এলাকা এবং বন্দর উপজেলার শািন্তনগর (লাশ উদ্ধারের স্থান) পরিদর্শন করেন।
পরে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা বলেন, ‘আদালতের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। বুধবার তদন্ত কমিটি গঠনের পর বৃহস্পতিবার সকালে আমরা ঠিক করি, কীভাবে কাজ করব৷ সেই সভার পর আমরা ঘটনাস্থল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছি।’ র্যাব বা কাউকে জিজ্ঞাসাবাদ করবেন িক না, জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের¯প্রয়োজনে যার সঙ্গে কথা বলা প্রয়োজন, আমরা তার সাথে কথা বলব। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৫ মের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।’
কমিটির কার্যপরিধি: কমিটি গণতদন্তের মাধ্যমে সাতজন অপহরণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদ্ঘাটন করবে। এ ছাড়া অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না, তা নির্ণয় করবে। কমিটি সাত দিনের মধ্যে তদন্তকাজের অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে প্রতিবেদন দাখিল করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই উপসচিব মো. আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের দুই উপসচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উপসচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
অনশন কর্মসূিচ: আইনজীবী চন্দন সরকারসহ সাত হত্যার বিচারের দাবিতে গতকাল আদালত চত্বরে অনশন করেন আইনজীবীরা৷ সেখানে যোগ দিয়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কারও কাছ থেকে অর্থ নিয়ে মানুষ হত্যা করবে, এটা আমরা আশা করি না।’ বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে গণতান্ত্রিক বাম মোর্চা।
ব্যবস্থা নেয়নি দল: অপহরণ ও সাত হত্যার পর ১২ দিন চলে গেলেও মামলার প্রধান দুই আসািম ও দলীয় নেতাদের বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। এজাহারে প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন। ২ নম্বর আসািম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া। গত ২৮ এপ্রিল মামলা করার পরপরই বাদী কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম পুলিশ সুপারকে জানিয়েছিলেন, আসািম ইয়াছিন মিয়া সিঙ্গাপুরে পালিয়ে যাচ্ছেন। মামলার পর নূর হোসেন ও ইয়াছিন দীর্ঘ সময় নারায়ণগঞ্জে অবস্থান করলেও পুলিশ গ্রেপ্তারের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। আগামীকাল শনিবার থানা আওয়ামী লীগের সভা ডাকা হয়েছে। সেই সভায় ইয়াছিন ও নূর হোসেন সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে মহানগর কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নেতাদের বহিষ্কারের ক্ষমতা মহানগর অথবা থানা কমিটির নেই। এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত প্রয়োজন। আর কেন্দ্র সরাসরি তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে।
এর আগে শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙারু পারভেজকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি সরাসরি সংগঠন থেকে বহিষ্কার করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। উল্লেখ্য, নূর হোসেন ও ইয়াছিন দুজনই আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত৷