ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের ওপর নির্যাতনের ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে কমিটির একটি সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার তদন্ত কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, কাদেরের ওপর নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলেছে। ১ আগস্ট কমিটি কাদের ও তাঁর মায়ের বক্তব্য নেয়। খিলগাঁও থানার সাবেক ওসি, এসআই ও এএসআইয়ের সঙ্গেও কথা বলেছে কমিটি। কাদেরের কথিত সহযোগী মামুনকেও জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। ওই সদস্য বলেন, তদন্ত প্রতিবেদন নিয়ে যাতে কারও কোনো আপত্তি না ওঠে, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত এখন শেষ পর্যায়ে। তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই শেষে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ৩০ জুলাই তদন্ত পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল জলিলের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। আবেদন করে কমিটি প্রথম দফায় সাত দিন ও পরের দফায় আরও ১০ দিন তদন্তের জন্য সময় নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের ছাত্র আবদুল কাদেরকে গত ১৫ জুলাই রাতে খিলগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর অপর এক ব্যক্তিসহ তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগ ও অস্ত্র আইনে দুটি মামলা করে পুলিশ। এ ছাড়া মোহাম্মদপুর থানায় আগের একটি গাড়ি ছিনতাই মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৮ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাদেরের নির্যাতনের ঘটনা তদন্তের নির্দেশ দেন। তদন্তকালে খিলগাঁও থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ দেন আদালত। ৩ আগস্ট কাদের তাঁর বিরুদ্ধে করা তিনটি মামলায় কাদের আদালত থেকে জামিন পান।